পায়ে-চালিত রিকশার আয় কমে অর্ধেক

পায়ে-চালিত রিকশার আয় কমে অর্ধেক

ফন্ট সাইজ:

ঢাকা সহ সারা দেশে পায়ে-চালিত রিকশার চাহিদা কমে গেছে। এখন যাত্রীরা উঠতে চান না এই রিকশায়। দ্রুত যাতায়াতের জন্য বেছে নেন ব্যাটারিচালিত অটোরিকশাকে। অনিরাপদ ও অবৈধ হলেও এই রিকশার চাহিদা বেড়ে গেছে কয়েকগুণ। বিশেষ করে গত ২০২৪ সালের ৫ই আগস্টের পর প্রধান সড়ক থেকে শুরু করে মহাসড়ক-সবখানেই এই রিকশা ছড়িয়ে পড়েছে। এতে পায়ে-চালিত রিকশার চালকরা বিপাকে পড়ে যান। তাদের আয়ও কমেছে অর্ধেকেরও বেশি। বাড়তি আয়ের আশায় একের পর এক চালকরা ব্যাটারিচালিত অটোর দিকে ঝুঁকে পড়ছেন। দ্রুত এবং কম সময়ে গন্তব্যে পৌঁছানোর আশায় যাত্রীরাও এই রিকশা বেছে নেন। ঢাকার রিকশা স্ট্যান্ডগুলোতে এখন অন্তত ৮০ শতাংশই ব্যাটারিচালিত অটোরিকশা।

ঢাকার ১০টি আলাদা আলাদা এলাকার প্রধান সড়কের সঙ্গে যুক্ত রিকশাস্ট্যান্ড সরজমিন ঘুরেছে মানবজমিন। স্ট্যান্ডগুলোতে দেখা গেছে, বেশির ভাগ স্ট্যান্ডেই ব্যাটারিচালিত অটোরিকশা। পায়ে-চালিত রিকশা নেই বললেই চলে।
১০টি রিকশা স্ট্যান্ডের অন্তত ২০ জন রিকশাচালকের সঙ্গে কথা বলেছে মানবজমিন। প্যাডেলচালিত রিকশার চালকরা জানিয়েছেন, দুই থেকে তিন বছরের মধ্যে তাদের আয় অন্তত ৬০ শতাংশ কমে গেছে। অর্থাৎ পূর্বে দিনপ্রতি দেড় থেকে দুই হাজার টাকা আয় করলেও এখন ব্যাটারিচালিত অটোরিকশার দাপটে আয় নেমেছে ১ হাজার টাকারও কমে। অন্যদিকে, যাত্রীরা এখন পায়ে-চালিত রিকশায় উঠেন না। কারণ তারা তুলনামূলক দ্রুত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে চান। ফলে ব্যাটারিচালিত অটোরিকশাকে বেছে নেন তারা। স্ট্যান্ডে প্যাডেলচালিত রিকশাচালকরা ডাকাডাকি করলেও সাড়া দেন না যাত্রীরা। তবে চালকরা বলছেন, কিছু কিছু ক্ষেত্রে তুলনামূলক কম ভাড়ায় গন্তব্যে পৌঁছে দিতে চাইলে অনেক যাত্রীই প্যাডেলচালিত রিকশাকে বেছে নেন।

কাওরান বাজারের প্যাডেলচালিত রিকশাচালক মিজান বলেন, দুই বছর এই রিকশা চালাচ্ছি। সর্বোচ্চ ৮শ’ টাকা তোলা যায়। ব্যাটারিচালিত রিকশাগুলোতে সব যাত্রী চলে যায়। যাত্রী এলে আমরা ডাকার আগেই তারা ডেকে নিয়ে যায়। সেখানে আবার ভাড়াও বেশি। ৮০ টাকার ভাড়া যদি আমরা ৬০ টাকা নিই তবেই আমাদের রিকশায় আসে। মোহাম্মদ বেলাল উদ্দিন নামের আরেকজন চালক বলেন, আমাদের আয় অর্ধেক কমে গেছে। একটি স্ট্যান্ডে আগে ১৮টি প্যাডেল রিকশা আর ২টি অটো থাকলেও এখন চিত্র হয়ে গেছে উল্টো। আমাদের এখন আয় হয় ৫ থেকে ৭শ’ টাকা। আগে ১৫শ’ টাকারও বেশি আয় করা যেতো। মগবাজার এলাকায় রিকশা চালান মোহাম্মদ খায়রুল ইসলাম। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, যা যাত্রী আসে তারাই (ব্যাটারিচালিত অটো) ডেকে নিয়ে যায়। আমি বুঝি না, তাদের পেট আছে, আমাদের কী পেট নেই? এখন মানুষ বলে দ্রুত যাওয়ার জন্য এই রিকশায় উঠেন। কিন্তু অফিস-আদালতে তারা কী আগে যায়নি? আগে তো আমরা এই রিকশা দিয়েই পৌঁছে দিয়েছি। ঠাকুরগাঁও থেকে রাজধানীতে এসে রিকশা চালান সাহাবউদ্দিন। তিনি বলেন, ১৫ বছর রিকশা চালাই। আমাদের আয় অনেক কমে গেছে ঠিকই, তবুও এটা চালিয়ে শান্তি আছে। ব্যাটারির রিকশায় অসুস্থ করে তোলে মানুষকে। সেগুলো নষ্ট হলে খরচ বেশি, ঠিক করতে সময়ও বেশি লাগে।
এদিকে ব্যাটারিচালিত অটোচালকরা জানান, এই ধরনের রিকশায় অল্প শ্রমে বেশি আয় করা যায়। পায়ে- চালিত রিকশায় অনেক পরিশ্রম। ব্যাটারিচালিত রিকশার দিকে ঝুঁকে পড়ার অন্য বড় কারণ হচ্ছে- পায়ে- চালিত রিকশায় যাত্রীরা উঠতে চান না। ফলে ওই রিকশা চালিয়ে সংসারের খরচ মেটাতে হিমশিম খান তারা।

ময়মনসিংহ থেকে রিকশা চালাতে ঢাকায় এসেছেন রুবেল। তিনি ১ বছর ঢাকায় প্যাডেলচালিত রিকশা চালিয়েছেন। রুবেল বলেন, প্যাডেলচালিত রিকশা চালাতে গিয়ে দেখলাম যাত্রীরা আর উঠছে না। তাই ব্যাটারিচালিত অটো নিলাম। এখানে এখন ১৭০০ থেকে ২ হাজার টাকা আয় করা যায়। পায়ের রিকশায় বর্তমানে ৫শ’ টাকা তুলতেই কষ্ট হয়ে যাচ্ছে। জয়পুরহাট থেকে এসে ঢাকায় ব্যাটারিচালিত অটো চালান মোহাম্মদ আয়েজ উদ্দিন। তিনি বলেন, আমি গ্রামে বেশ কয়েক বছর রিকশা চালিয়েছি। এরপর ঢাকায় গত ২ বছর আগে এসেছি, রিকশা চালানোর জন্য। মৌচাক এলাকার রিকশাচালক মো. শেখ তুরাব আলী বলেন, দশ বছর প্যাডেল রিকশা চালিয়েছি। ৫ই আগস্টের পর থেকে ব্যাটারিচালিত রিকশা চালাই। ওই রিকশা চালিয়ে পরিবারের খরচই উঠতো না। সংসারে অশান্তি লেগে থাকতো। মানুষজনও উঠে না দেখলাম। তাই বাধ্য হয়ে ব্যাটারিচালিত রিকশায় ঝুঁকতে হয়েছে। শান্তিনগর এলাকার চালক মোহাম্মদ মোশাররফ বলেন, জামালপুরে দীর্ঘদিন চালিয়েছি পায়ে-চালিত রিকশা। আমার রিকশা চালানোর বয়স ১০ বছর। এখন আয়ও বেড়েছে আগের চেয়ে।

স্থায়ী হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা: ঝুঁকিপূর্ণ হলেও রাজধানী সহ সারা দেশেই আনাচে-কানাচে ছড়িয়ে গেছে হাজার হাজার ব্যাটারিচালিত অটোরিকশা। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বর্তমানে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তিন চাকার এই যান। আওয়ামী লীগ সরকারের পর অন্তর্বর্তী সরকারও নিয়ন্ত্রণ করতে পারেনি এই রিকশা। পরে বিএনপি সরকার সমপ্রতি ব্যাটারিচালিত অটোরিকশার নীতিমালা প্রণয়ন করেছে। ফলে এই যানটি সড়ক থেকে উচ্ছেদ নয়, বরং স্থায়ী হচ্ছে।
নতুন বিধিমালা অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় চলাচলের জন্য প্রতিটি ই-রিকশার নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক। প্রতিটি ই-রিকশার নিবন্ধনের মেয়াদ হবে ৫ বছর। মেয়াদ শেষ হলে নিবন্ধন নবায়ন করতে হবে। প্রতিটি ই-রিকশাকে বুয়েট নির্ধারিত প্রযুক্তিগত মান ও নিরাপত্তাবৈশিষ্ট্য মেনে তৈরি হতে হবে। নিবন্ধন ও নবায়নের জন্য ফিটনেস সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের প্রতিস্বাক্ষর বাধ্যতামূলক। একটি ই-রিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল হবে নিবন্ধনের তারিখ থেকে ১২ বছর।

এতে আরও বলা হয়েছে, স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল এলাকায় ই-রিকশার সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৫ কিলোমিটার। পাশাপাশি ৪০ ডেসিবেলের বেশি শব্দের হর্ন ব্যবহার করা যাবে না। ই-রিকশা জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, প্রধান বাস চলাচলের সড়ক ও প্রশাসনের নিষিদ্ধ ঘোষিত সড়কে চলাচল করতে পারবে না। ফুটপাথেও ই-রিকশা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। চালককে সব সময় সড়কের বাম লেন অনুসরণ করতে হবে। ই-রিকশার ব্যাটারি চার্জ করতে হবে সিটি করপোরেশনের অনুমোদিত চার্জিং পয়েন্ট বা নির্দিষ্ট গ্যারেজে। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জ করলে আইন অনুযায়ী শাস্তির বিধান রয়েছে। নিবন্ধনবিহীন, অবৈধ ও যান্ত্রিক ত্রুটিযুক্ত ই-রিকশা সড়কে চলাচল করতে পারবে না। অবৈধ ই-রিকশার চলাচল বন্ধে ট্রাফিক বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।
তবে, এই নীতিমালায়ও অসন্তোষ চালকরা। আরও ১২ দাবি নিয়ে আন্দোলন-অবরোধ করে যাচ্ছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।