সামাজিক যোগাযোগমাধ্যমে গান্ধী পরিবারকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী তথা বিজেপি’র সংসদ সদস্য কঙ্গনা রানাউত। তার বিরুদ্ধে হিমাচল প্রদেশের শিমলার বয়লেগঞ্জ থানায় এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ, কঙ্গনার মন্তব্য উস্কানিমূলক এবং তা জনশান্তি বিঘ্নিত করতে পারে। ভারতীয় ন্যায় সহিংসতার তিনটি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। গত শুক্রবার শিমলার বাসিন্দা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অতুল শর্মার অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের হয়। ভারতীয় ন্যায় সহিংসতার ১৯৬(১)(বি), ৩৫৩(২) এবং ৩৫৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি আইনের প্রাসঙ্গিক ধারাও যুক্ত হয়েছে। শিমলার পুলিশ সুপার গৌরব সিং বলেন, ঘটনার তদন্ত শুরু হবে। অভিযোগকারীর দাবি, গত ১০ই নভেম্বর কঙ্গনার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট প্রকাশিত হয়। সেখানে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তার দুই ছেলে সঞ্জয় ও রাজীব গান্ধীর মৃত্যু নিয়ে আপত্তিকর ইঙ্গিত করা হয়েছে। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকেও ‘রহস্যময় বিদেশি নাগরিক’ বলে উল্লেখ করা হয়।
আশির দশকের একটিপুরনো পারিবারিক ভিডিও নতুন করে ছড়িয়ে পড়ার পরই কঙ্গনার ওই পোস্ট সামনে আসে। ভিডিওতে ইন্দিরা, সোনিয়া, মানেকা গান্ধীর পাশাপাশি শিশু রাহুল ও প্রিয়াঙ্কাকে দেখা যায়। ওই ভিডিও ঘিরে কঙ্গনা মানেকার প্রতি ইন্দিরার আচরণ নিয়ে মন্তব্য করেন। পাশাপাশি সোনিয়াকে ঘিরেও নানা প্রশ্ন তোলেন। অভিযোগকারীর বক্তব্য, এ ধরনের মন্তব্য রাজনৈতিক সমালোচনার সীমা ছাড়িয়ে বিদ্বেষ
ছড়াতে পারে। এতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভেদ এবং অশান্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।
