রাজধানীর আজিমপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সোয়া ১০টার দিকে লালবাগ থানাধীন আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সোহরাব হোসেন সুমন মিয়া (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৬), মো. রাসেল আহম্মেদ (৪২) ও মো. মফিজুল ইসলাম (৫০)।
লালবাগ থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার সোহরাব হোসেন সুমন মিয়া চাঁদপুরের কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জাহাঙ্গীর আলম একই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। অন্যদিকে রাসেল আহম্মেদ ও মফিজুল ইসলাম ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা শুক্রবার লালবাগ থানাধীন আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিছিলের আয়োজন করেন এবং তাতে অংশ নেন। শনিবার সোহরাব হোসেন সুমন মিয়ার আজিমপুরের বাসায় সহযোগীদের নিয়ে গোপন বৈঠক করছিলেন তারা। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
