সড়ক যোগাযোগের প্রচলিত কাঠামোয় গুণগত পরিবর্তন এনে নিরাপদ, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার। দেশের প্রতিটি প্রান্তে টেকসই ও মানসম্মত মহাসড়ক নেটওয়ার্ক প্রতিষ্ঠার পাশাপাশি রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট ও গণপরিবহন সংকট নিরসনে নেওয়া হচ্ছে সমন্বিত পরিকল্পনা। পিংক বাস, বিদ্যুৎচালিত বাস, মেট্রোরেল সম্প্রসারণ, পাতাল রেল, মনোরেলের সম্ভাব্যতা যাচাই এবং ডিজিটাল বাস ব্যবস্থাপনা—সব মিলিয়ে নগর যোগাযোগের ব্যবস্থাপনাকে নতুন কাঠামোয় সাজানোর উদ্যোগ চলছে। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি যাত্রীসেবা, সড়ক নিরাপত্তা, জবাবদিহিতা ও পরিবেশ সুরক্ষাকেও দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব।
সরকারের অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনায় দুর্ঘটনাপ্রবণ স্থান সংস্কার, জরুরি সেবায় অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল সরবরাহ, ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) প্রযুক্তির সম্প্রসারণ এবং নারীদের জন্য পিংক বাস চালু করা রয়েছে। মেট্রোরেলে নারীদের বিশেষ ভাড়া ছাড়ও জনবান্ধব সেবার অংশ। নিরাপত্তা ও নজরদারি বাড়াতে বিআরটিসির বাস এবং দূরপাল্লার ট্রাকে জিপিএসভিত্তিক ভেহিকল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) স্থাপন করা হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘনে চালকদের জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর হয়েছে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তন ব্যবস্থা। একই সঙ্গে দূরপাল্লার ট্রাকচালকদের জন্য বিশ্রামাগার স্থাপন, সড়ক-মহাসড়ক ও রোড মিডিয়ানে বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও পরিবহন খাতের পরিবেশগত চাপ কমাতেও এসব কর্মসূচি গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকের নেতৃত্বে সমন্বিত টিমওয়ার্কের মাধ্যমে এগোচ্ছে নানাবিধ কর্মপরিকল্পনা। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্ব দেওয়া হয়েছে। তবে কোনো কোনো মাধ্যমে অপতথ্যকে মন্ত্রণালয়ের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে। যদিও সব বিভ্রান্তি ও অপকৌশলকে ভেস্তে দিয়ে জনস্বার্থসংশ্লিষ্ট উদ্যোগগুলো এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে দৃঢ়ভাবে কাজ করছে বিভাগটি।
সকলেই জানেন ঢাকার যানজটের পেছনে রয়েছে বাসের বিশৃঙ্খল চলাচল, যাত্রী ওঠানামায় অনিয়ম, অতিরিক্ত ভাড়া, সময়সূচির অভাব, অবৈধ পার্কিং, ফুটপাত দখল ও অপরিকল্পিত বাসস্টপেজ। ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, রিকশা, ব্যাটারিচালিত যানবাহন ও পণ্যবাহী যান চলাচলের চাপও পরিস্থিতিকে জটিল করছে। এই অবস্থায় বাসের রুট পুনর্বিন্যাস, নির্ধারিত স্টপেজ, সময়সূচি অনুসরণ, ডিজিটাল নজরদারি, সমন্বিত টিকিটব্যবস্থা এবং যানবাহনের মান নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বর্ষাকালে নিরবচ্ছিন্ন যাতায়াত, ডিজিটাল বাস ব্যবস্থাপনা ও উন্নত চার্জিং অবকাঠামো গড়ে তোলার বিষয়টিও বিবেচনায় রয়েছে। ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমিয়ে গণপরিবহনকে নিরাপদ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য করাই মূল লক্ষ্য। কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতে পিংক বাস ব্যাপক সাড়া জাগিয়েছে। মন্ত্রণালয় কুড়িয়েছে প্রশংসা।
সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, 'রাজধানীর গণপরিবহনব্যবস্থাকে নিরাপদ, আধুনিক, পরিবেশবান্ধব ও জনবান্ধব করে গড়ে তুলতে সরকার সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে। নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পিংক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সাধারণ গণপরিবহনেও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর নজরদারি ও অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা জোরদার করা হচ্ছে।'
ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে ইলেকট্রিক বাসের প্রচলনের পাশাপাশি যানবাহনের নির্গমন মাত্রা নিয়ন্ত্রণ ও ফিটনেস পরীক্ষার কার্যকারিতা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। বিদ্যমান আইন-বিধিমালার প্রয়োগ, নিয়মিত যানবাহন পরিদর্শন এবং অতিরিক্ত দূষণকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিবহনমালিক ও শ্রমিকদের সচেতনতা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিবেশবান্ধব গণপরিবহন নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়ন এবং গুরুত্বপূর্ণ এলাকায় মনোরেল চালুর সম্ভাব্যতা যাচাইও পরিকল্পনায় রয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, 'ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশবান্ধব গণপরিবহনব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি যানবাহনের নির্গমন মাত্রা নিয়ন্ত্রণ ও ফিটনেস পরীক্ষার কার্যকারিতা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে বিদ্যমান আইন ও বিধিমালার যথাযথ প্রয়োগ, নিয়মিত যানবাহন পরিদর্শন এবং অতিরিক্ত দূষণকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।' তিনি আরও বলেন, 'পরিবহনমালিক ও শ্রমিকদের সচেতনতা বাড়ানো এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা হবে। আইন প্রয়োগের পাশাপাশি বাস্তবসম্মত পরিকল্পনা ও নিয়মিত তদারকির মাধ্যমে পরিবেশবান্ধব গণপরিবহনব্যবস্থা গড়ে তোলা সম্ভব।'
যানজট কমানো ও যাতায়াতের সময় সাশ্রয়ে এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫-এর উত্তরাংশের চারটি গুরুত্বপূর্ণ নির্মাণ প্যাকেজের চুক্তি স্বাক্ষরিত হয় গত ২৭ অক্টোবর। উত্তরার দিয়াবাড়িতে এমআরটি লাইন-৬-এর ডিপো এলাকায় মেট্রোরেল ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) যৌথ অর্থায়নে প্রকল্প দুটির অবকাঠামো নির্মাণসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। অন্যদিকে, দেশের প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১ বাস্তবায়নে চারটি গুরুত্বপূর্ণ নির্মাণ প্যাকেজের চুক্তি স্বাক্ষর হয় বুধবার (৪ নভেম্বর) বিকেলে একই স্থানে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। তিনি বলেন, 'রাজধানীর যানজট নিরসন, যাতায়াতের সময় কমানো এবং নাগরিকদের মানসম্মত গণপরিবহন সেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে নিরাপদ, পরিবেশবান্ধব ও সময়োপযোগী নগর পরিবহন গড়ে তোলা হচ্ছে।' এমআরটি লাইন-১ রাজধানীর যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে উল্লেখ করে তিনি জাপান সরকার ও জাইকার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানান।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বৃহত্তর ঢাকার হালনাগাদ কৌশলগত পরিবহন পরিকল্পনা, জাতীয় সমন্বিত বহুমাধ্যমভিত্তিক পরিবহন চাহিদা মডেল প্রণয়ন, জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিডের করিডোর চূড়ান্তকরণ এবং এমআরটি নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। বড় প্রকল্পের ভূমি অধিগ্রহণ ত্বরান্বিত করা এবং আন্তঃসংস্থা সমন্বয়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব রয়েছে। সড়ক পরিবহন বিভাগের এই কর্মযজ্ঞের লক্ষ্য জাতীয় মহাসড়ক থেকে নগর গণপরিবহন পর্যন্ত একটি নিরাপদ, সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব নেটওয়ার্ক প্রতিষ্ঠা। পরিকল্পনাগুলোর কার্যকর বাস্তবায়ন হলে রাজধানীর যাত্রীভোগান্তি কমানোর পাশাপাশি দেশের আঞ্চলিক যোগাযোগ, অর্থনৈতিক কর্মকাণ্ড ও নাগরিক সেবায় ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি হবে।
লেখক: সম্পাদক ও প্রকাশক, দৈনিক সন্ধানী বার্তা; অ্যাকটিং এডিটর, কালের আলো.কম।
