ফ্যাসিবাদ আবার ফিরে আসছে-এই ঘোষণা কেবল একটি রাজনৈতিক স্লোগান নয়, বরং এর পেছনে রয়েছে সুস্পষ্ট তথ্য ও ঘটনার ধারাবাহিকতা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ, নিষিদ্ধ সংগঠনের ছাত্রঅংশের হুমকিতে ঢাকাসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক ক্লাসে অনুপস্থিত থাকা, ফ্যাসিবাদের পক্ষে মিছিল করা শিক্ষকদের নামকাওয়াস্তে শোকজ করে পরবর্তীতে প্রটেকশন ও প্রমোশন দেয়া এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক নজরুল জয়ন্তীর মতো সাংস্কৃতিক অনুষ্ঠান ফ্যাসিবাদের নেতা শিক্ষকের হাতে তুলে দেয়া-এসব ঘটনা প্রমাণ করে যে চিহ্নিত, ঘোষিত ও দণ্ডিত ফ্যাসিবাদের সঙ্গে সঙ্গে সরব হয়েছে ফ্যাসিবাদের দোসরচক্র। পুরনো ফ্যাসিবাদী প্রাতিষ্ঠানিক সংস্কৃতির ধারক একটি কাঠামো এখনো সক্রিয়, যা ক্ষমতা ও পদের দাপটে ফ্যাসিবাদের পথ অনুসরণ করে অনেককে পরিণত করছে নব্য-ফ্যাসিবাদে।
পৌরাণিক কাহিনীর কংসের মতো ফ্যাসিবাদ বাড়ছে আমাদের গোকুলে-বাইরে শত্রু আছে, তাদের খোঁজা হচ্ছে, অনেক শত্রু বড় হচ্ছে সমাজকাঠামোর ভেতরেই, উচ্চপদস্থ কর্মকর্তাদের ফোনালাপে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছায়ায়, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অঙ্গনে। আর অতীতের মতো এই ফ্যাসিবাদের প্রকোপ পড়ছে সাধারণ মানুষের জীবনে, নাগরিক সমাজে, জনগণের নিরাপত্তায়। ফ্যাসিবাদকে কেবল বাইরের শত্রু হিসেবে দেখে হৈচৈ করলে চলবে না। রাষ্ট্রযন্ত্রের ভেতরের ফ্যাসিবাদী সংস্কৃতিকে চিহ্নিত করে সংস্কার না করলে জননিরাপত্তা রক্ষা করা অসম্ভব হবে।
কাহিনীটি জানা আছে?
মহাভারতের এক পরিচিত কাহিনী দিয়ে শুরু করি। মথুরার রাজা কংস। তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তান তাকে বধ করবে-এই আকাশবাণী শুনে কংস দেবকী ও বাসুদেবকে কারাগারে বন্দি করে। একে একে ছয় পুত্রকে জন্মমাত্র হত্যা করে। সপ্তম গর্ভের সন্তান বলরাম যোগমায়ার কৌশলে রোহিণীর গর্ভে চলে যায়। অষ্টম গর্ভে জন্ম নেন কৃষ্ণ। বাসুদেব নবজাতককে গোকুলে নন্দের ঘরে রেখে যশোদার কন্যাকে নিয়ে ফিরে আসেন। কংস সেই কন্যাকে পাথরে আছড়ে মারতে গেলে সে আকাশে মিলিয়ে যায় এবং উপহাস করে বলে- ‘‘তোমার বধকারী ইতিমধ্যেই গোকুলে বড় হচ্ছে।”
কংস তখন চারদিকে খোঁজ শুরু করে। কিন্তু সে বুঝতে পারে না-যে শিশু তাকে বধ করবে, সে তারই আত্মীয়ের ঘরে, তারই অনুগত বলে ভাবা এক পরিবারে, তারই রাজ্যের ভেতরে বড় হচ্ছে। সে বাইরে শত্রু খোঁজে, অথচ শত্রু তার আঁচলের তলেই পুষ্ট হচ্ছে।
অনেকেরই কাহিনীটি জানা আছে। এখন প্রশ্ন হলো-এই কাহিনীর পুনরাবৃত্তি হচ্ছে কি আমাদের সমাজে?
বাইরের শত্রু বনাম ভেতরের শত্রু
আজকের বাংলাদেশে ফ্যাসিবাদ নিয়ে আলোচনা যখন হয়, তখন একটা স্পষ্ট প্রবণতা দেখা যায়। ফ্যাসিবাদকে আমরা শুধুমাত্র খুঁজি দূরের কোনো ঠিকানায়। পলাতক নেতা, নিষিদ্ধ সংগঠন, সীমান্তের ওপার থেকে আসা নির্দেশ-এসবের ভেতরে ফ্যাসিবাদকে চিহ্নিত করার চেষ্টা হয়। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে, পলাতক ফ্যাসিবাদী শক্তি দেশে ফেরার সুযোগ পাবে না, নাজিদের মতো তাদেরও ফিরে আসার পথ বন্ধ থাকবে।
কিন্তু কংসের গল্প আমাদের মনে করিয়ে দেয়-যে শত্রু বাইরে থেকে আসে, তারচেয়ে বড় ও আসল শত্রু সে, যে ভেতরে থেকে বড় হয়, ভেতরে থেকে শক্তি সঞ্চয় করে, ভেতরে থেকেই আঘাত হানে।
আজ বাংলাদেশে ফ্যাসিবাদের যে নাশকতা, ককটেল, আগুন, হুমকি-এগুলো সীমান্তের ওপার থেকে আসা নির্দেশে ঘটলেও বাস্তবায়ন করছে আশপাশের লোকজনই। আসলে এমন এক নেটওয়ার্ক গোপনে রয়েছে, যা রাষ্ট্রযন্ত্রের ভেতরেই থেকে গেছে, যা প্রশাসনের ছায়ায় বড় হয়েছে, যা উচ্চপদস্থদের ফোনালাপে পুষ্ট হয়েছে। বিশ্ববিদ্যালয় ও নানা সংস্থায় ঘাপটি মেরে রয়েছে ছোবল মারার জন্য।
রাষ্ট্রযন্ত্রের ভেতরে ফ্যাসিবাদের আশ্রয়
সমপ্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠনের ছাত্রঅংশের হুমকির মুখে অনেক শিক্ষক ক্লাসে আসেননি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের পক্ষে মিছিল করা শিক্ষকদের নাম ও ছবি প্রকাশ করেছিল শিক্ষার্থীরা। নামকাওয়াস্তে শোকজ দিয়ে পরে তাদেরকেই প্রমোশন, প্রকেটশন ও পৃষ্ঠপোষকতা দেয়া হয়।
কিন্তু এটি কেবল বিশ্ববিদ্যালয়ের চিত্র নয়। সরকারি অফিস, সংস্থা, প্রশাসনের বিভিন্ন স্তরে-সেখানেও ফ্যাসিবাদের এই আশ্রয়-প্রশ্রয়ের কেন্দ্র রয়েছে। উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে পলাতক ফ্যাসিবাদীদের ফোনালাপের ঘটনা কেবল গুজব নয়; এটি একটি বাস্তবতা, যা রাষ্ট্রযন্ত্রের অভ্যন্তরীণ সংকটকে প্রকাশ করে।
গণতন্ত্রের ছদ্মাবরণে দেশে এমন একটি প্রাতিষ্ঠানিক কাঠামো বিরাজমান রয়েছে, যা পুরনো ফ্যাসিবাদী ব্যবস্থারই ধারক এবং নব্য-ফ্যাসিবাদের সৃষ্টিকারী। ফ্যাসিবাদ কখনো কেবল একটি রাজনৈতিক দল বা একটি সরকারের একচেটিয়া অধিকার নয়। ফ্যাসিবাদ হলো একটি প্রাতিষ্ঠানিক সংস্কৃতি-একটি এমন ব্যবস্থা, যেখানে ক্ষমতা কেন্দ্রীভূত হয়, পদলেহন ও আনুগত্যের পুরস্কার হয় বিচার রহিত করে পদোন্নতি দেয়া। এই সংস্কৃতি সরকার বদলালেও বদলায় না। বরং নতুন সরকারের ভেতরেও এটি বেঁচে থাকে, নতুন রূপে, নতুন মুখে। নতুন বোতলে পুরনো মদের মতো তারাও সর সময় ক্ষমতার আশ্রয়ে। গণতন্ত্রের বিরোধিতা ও ক্ষতি করে। অরাজকতার মাধ্যমে নিজেদের অন্যায় ও অপকর্মের সুযোগ সৃজন করে।
“তোমাবে বধিবে যে গোকুলে বাড়িছে সে”- আজকের গোকুল কোথায়?
কংসের গল্পে গোকুল ছিল সেই জায়গা, যেখানে তার শত্রু বড় হচ্ছিল-তার অজান্তে, তারই রাজ্যের ভেতরে। কংস বাইরে শত্রু খুঁজছিল, অথচ শত্রু তার সবচেয়ে বিশ্বস্ত বলে ভাবা জায়গায় বড় হচ্ছিল। আজকের বাংলাদেশে সেই “গোকুল” কোথায়?
প্রথমত, বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেখানে ফ্যাসিবাদের পক্ষে মিছিল করা শিক্ষকরা প্রমোশন পাচ্ছেন, আর ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীরা শোকজের মুখে পড়ছেন-সেখানে প্রশাসনিক কাঠামো নিজেই ফ্যাসিবাদের লালনকেন্দ্রে পরিণত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬৮ জন শিক্ষককে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষাদান থেকে বিরত রাখা হয়েছে, ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও অভিযুক্তদের শোকজ করা হয়েছিল মাত্র। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এমন চিহ্নিত ফ্যাসিবাদীরা বিচারের বাইরে রয়েছে। তাদের সঙ্গে চলছে ক্ষমতাসীনদের দহরম-মহরম ও কোলাকুলি। এভাবেই পুরনো ফ্যাসিবাদী শক্তির পুনরাবৃত্তি হচ্ছে ভিন্ন রাজনৈতিক রঙে।
দ্বিতীয়ত, সরকারি আমলাতন্ত্র। যে আমলাতন্ত্র ফ্যাসিবাদের আমলে টিকে ছিল, আনুগত্যের সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে উঠেছিল, সেই আমলাতন্ত্র কি একদিনে বদলে গেছে? উচ্চপদস্থ কর্মকর্তাদের ফোনালাপের ঘটনা প্রমাণ করে-এই কাঠামো এখনো সক্রিয়। তারা এখনো পুরনো প্রভুদের সঙ্গে যোগাযোগ রাখছে, আর নতুন ব্যবস্থার ভেতরে থেকেই পুরনো ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে।
তৃতীয়ত, সাংস্কৃতিক প্রতিষ্ঠান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নজরুল জয়ন্তী আয়োজন করা হচ্ছে বাংলা বিভাগের সেই নেতাকে দিয়ে, যিনি ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান যখন রাজনৈতিক পুনর্বাসনের হাতিয়ার হয়ে ওঠে, তখন সংস্কৃতির ভেতরেই ফ্যাসিবাদ বাসা বাঁধে। সবই করছে বর্তমান সরকারের নিয়োগপ্রাপ্ত পদাধিকারী ব্যক্তিবর্গ।
চতুর্থত, রাষ্ট্রীয় সংস্থাগুলো। পুলিশ, প্রশাসন, গোয়েন্দা সংস্থা-যারা ফ্যাসিবাদের আমলে ভিন্নমত দমনের হাতিয়ার ছিল, তারা কি এখন ফ্যাসিবাদবিরোধী হাতিয়ার হয়ে উঠেছে? নাকি তারা এখনো পুরনো অভ্যাসে চলছে, শুধু নতুন নির্দেশের অধীনে?
নাশকতার রাজনীতি: কে লাভবান হচ্ছে?
সমপ্রতি ঢাকায় ৫০টিরও বেশি ককটেল বিস্ফোরণ এবং আটটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, এগুলো সংগঠিত নাশকতা। কিন্তু প্রশ্ন হলো-এই নাশকতা কাদের স্বার্থে?
একটি সম্ভাবনা: পলাতক ফ্যাসিবাদী শক্তি তাদের অনুগতদের মাধ্যমে নাশকতা চালাচ্ছে, যাতে সরকারকে অস্থিতিশীল দেখানো যায় এবং নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা যায়।
আরেকটি সম্ভাবনা: নতুন সরকারের ভেতরে থাকা পুরনো ফ্যাসিবাদী উপাদানগুলো নিজেরাই নাশকতা চালাচ্ছে, যাতে সরকার ব্যর্থ দেখায় এবং তারা আবার ক্ষমতায় ফিরতে পারে।
তৃতীয় সম্ভাবনা: উভয় পক্ষই লাভবান হচ্ছে-পলাতক শক্তি অস্থিতিশীলতা তৈরি করছে, আর ভেতরের শক্তি সেই অস্থিতিশীলতাকে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
কোনো সম্ভাবনাই এককভাবে সত্য নয়। কিন্তু একটি বিষয় স্পষ্ট: যতদিন রাষ্ট্রযন্ত্রের এবং রাষ্ট্রের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের ভেতরে ফ্যাসিবাদী সংস্কৃতি টিকে থাকবে, ততদিন নাশকতার বিপদ থাকবেই।
দমন নাকি সংস্কার?
ক্ষমতাসীনরা বলেছেন, পলাতক ফ্যাসিবাদীরা ফিরতে পারবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কিন্তু এই কঠোরতার একটি সীমা রয়েছে-যদি কেবল বাইরের শত্রুকে দমন করা হয়, আর ভেতরের শত্রুকে অব্যাহত রাখা হয়, তবে ফ্যাসিবাদ কখনো শেষ হবে না।
সরকারের সামনে তাই দুটি পথ: প্রথম পথ: বাইরের শত্রুকে দমন করা, ভেতরের শত্রুকে চিহ্নিত ও নিষ্ক্রিয় করা। এই পথে ফ্যাসিবাদ নতুন রূপে ফিরে আসা বন্ধ হবে। দ্বিতীয় পথ: বাইরের শত্রুকে দমন করা, আর ভেতরের শত্রুকে বিচ্ছিন্ন ও শক্তিহীন করা। এই পথে ফ্যাসিবাদ মূল থেকে উৎখাত হবে।
দ্বিতীয় পথটি কঠিন। কারণ এটি সরকারের নিজের ভেতরেই আঘাত হানবে। এটি সেই আমলাতন্ত্রকে প্রশ্ন করবে, যে আমলাতন্ত্র নতুন সরকারেরও ভরসা। এটি সেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রশ্ন করবে, যে প্রশাসন নতুন সরকারেরও সহযোগী। এটি সেই সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্ন করবে, যারা নতুন সরকারেরও অনুষ্ঠান আয়োজন করে।
কিন্তু এই কঠিন পথটি ছাড়া ফ্যাসিবাদ থেকে মুক্তি নেই। কারণ কংস যদি গোকুলে খোঁজ না নেয়, তবে কৃষ্ণ বড় হয়েই তাকে বধ করবে।
আয়নার সামনে দাঁড়ানো
“তোমাবে বধিবে যে গোকুলে বাড়িছে সে”-এই বাক্যটি আজ শুধু কংসের জন্য নয়। এটি আজ তাদের জন্যও, যারা মনে করেন ফ্যাসিবাদ কেবল অতীতে ছিল, কেবল অন্য দলে ছিল, কেবল বাইরে ছিল।
ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের একচেটিয়া সম্পত্তি নয়। এটি একটি প্রাতিষ্ঠানিক রোগ-যা ক্ষমতার কাঠামোর ভেতরে বাসা বাঁধে, যেকোনো সরকারের অধীনে। আজ যারা ফ্যাসিবাদবিরোধী, তারাও এই রোগে আক্রান্ত হতে পারেন-যদি তারা নিজেদের আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন না করেন।
প্রশ্নটি হলো: আপনার আঁচলের তলায় কি কেউ বড় হচ্ছে? আপনার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে, আপনার অফিসের আমলাতন্ত্রে, আপনার সাংস্কৃতিক প্রতিষ্ঠানে- কোনো ফ্যাসিবাদী উপাদান কি এখনো টিকে আছে, যা আপনি দেখতে পাচ্ছেন না?
কংস দেখতে পাননি। তিনি বাইরে শত্রু খুঁজেছিলেন, অথচ শত্রু তার সবচেয়ে বিশ্বস্ত জায়গায় বড় হচ্ছিল। আমরা কি কংসের মতোই অন্ধ থাকবো? নাকি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের প্রশ্ন করবো-‘‘আমার গোকুলে কে বড় হচ্ছে?”
উত্তরটি অপ্রিয় হতে পারে। কিন্তু উত্তরটি না জানলে ফ্যাসিবাদের বিপদ, হিংসা ও নাশকতা থেকে মুক্তি নেই।
লেখক: কলামিস্ট ও গণতান্ত্রিক আন্দোলনের কর্মী
