তৈরি পোশাক শিল্পে চলমান শ্রম অসন্তোষ নিরসন ও যৌক্তিক মজুরি নির্ধারণের দাবিতে যৌথ সংবাদ সম্মেলন করেছে গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলোর জোট। সংবাদ সম্মেলনে নেতারা জানিয়েছেন, শ্রমিকদের ন্যায্য মজুরি ও জীবনযাত্রার মানোন্নয়নের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। একইসঙ্গে কারখানা বন্ধ কোনো সমাধান নয়। শিল্পের উৎপাদন সচল রাখতে শ্রমিকদের ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি), গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ), গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ এবং গার্মেন্টস শ্রমিক পরিষদসহ প্রতিনিধিত্বশীল সংগঠনগুলোর শীর্ষ নেতারা এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)-এর সভাপতি মীর আবুল কালাম আজাদ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জি-স্কপের যুগ্ম সমন্বয়ক বাচ্চু মিয়া। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জি-স্কপের অন্যতম নেতা ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল।
লিখিত বক্তব্যে নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাড়িভাড়াসহ জীবনযাত্রার ব্যয়ের অসহনীয় চাপে শ্রমিকরা দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। ২০২৩ সালে অযৌক্তিক মজুরি নির্ধারণের কারণে শুরু থেকেই শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছিল। পরবর্তীতে ২০২৪ সালে ১৮ দফা ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে বার্ষিক ইনক্রিমেন্ট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৯ শতাংশ করা হলেও তা বাজারদরের তুলনায় ছিল অপ্রতুল। তবে সর্বশেষ শ্রম আইন সংশোধনীতে ৫ বছরের পরিবর্তে ৩ বছর পরপর মজুরি পুনর্নির্ধারণের বিধান করায় এবং ৩ বছরের মাথায় নতুন মজুরি বোর্ড গঠন করে শ্রমিক সংগঠনগুলোর মতামতকে গুরুত্ব দেয়ায় নেতারা সরকারকে ধন্যবাদ জানান।
নেতারা আশা প্রকাশ করেন, সরকারি-বেসরকারি ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক গবেষণা এবং বর্তমান বাজারদর বিবেচনায় নিয়ে মজুরি বোর্ড একটি সম্মানজনক ও যৌক্তিক মজুরি সুপারিশ করবে, যা সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ডিসেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে।
শ্রমিক নেতারা জানান, শুধু মজুরি বৃদ্ধিই শ্রমিকদের সমস্যার স্থায়ী সমাধান নয়। মজুরি বাড়ার সাথে সাথে বাড়িভাড়া যেন না বাড়ে, সেজন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, মালিক ও সরকারের যৌথ তত্ত্বাবধানে বাড়িভাড়া নিয়ন্ত্রণের কার্যকর পদক্ষেপ নিতে হবে। এছাড়া জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর ঘোষিত শ্রমিক এলাকায় হাসপাতাল প্রতিষ্ঠা এবং নির্ধারিত মূল্যে চাল প্রদানের প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। প্রাথমিক পদক্ষেপ হিসেবে হাসপাতালগুলোতে দ্রুত আউটডোর সেবা চালুর অনুরোধ জানান তারা।
চলমান পরিস্থিতিতে রাজনৈতিক ও ব্যবসায়িক উস্কানি দেয়া হচ্ছে বলে অভিযোগ করে শ্রমিক নেতারা বলেন, ৪০ লাখ শ্রমিকের জীবন-জীবিকা এই শিল্পের ওপর নির্ভরশীল। নভেম্বর ও ডিসেম্বর মাস পোশাক শিল্পের উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনো স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় পা না দিয়ে এবং মজুরি বোর্ডের কার্যক্রম বাধাগ্রস্ত হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থেকে শ্রমিকদের কারখানার উৎপাদন সচল রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি মালিকপক্ষকে কারখানা বন্ধ না রেখে দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের তাগিদ দেয়া হয়।
সংবাদ সম্মেলনে আন্দোলনকে কেন্দ্র করে যেসব ট্রেড ইউনিয়ন কর্মী ও শ্রমিককে গ্রেপ্তার বা হয়রানি করা হয়েছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া আহত শ্রমিকদের সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান নেতারা। কারখানা ভাঙচুরের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তির পক্ষে মত দিয়ে তারা বলেন, এ ধরনের নাশকতায় সাধারণ শ্রমিকরা জড়িত নন।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এডভোকেট মন্টু ঘোষ, আইবিসির সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন, গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আক্তার, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের মহাসচিব মাহতাবউদ্দিন শহিদ, গার্মেন্টস শ্রমিক পরিষদের আহ্বায়ক লাভলী ইয়াসমিন, গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের আহ্বায়ক আতিকুর রহমান, গ্রিন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম, গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশনের সভাপতি মো. রুহুল আমিন এবং শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ বিভিন্ন জোটের নেতারা। সবশেষে সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন শ্রমিক নেতা নাহিদুল হাসান নয়ন।
