পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি মালিকরা কতো টাকা দিতে চান?

ফন্ট সাইজ:

সর্বনিম্ন মাসিক মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩২ হাজার টাকা নির্ধারণের দাবিতে সরকারকে প্রস্তাব দিয়েছেন পোশাক খাতের শ্রমিকরা। অন্যদিকে এ বিষয়ে লিখিত প্রস্তাব জমা দিতে মালিক পক্ষকে চার কর্মদিবস বেধে দিয়েছে মুজরি বোর্ড। পোশাক খাতের উদ্যোক্তরা কতো বেতন বাড়াবেন তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। অভ্যন্তরীণভাবে পোশাক খাতের মালিকরা কয়েক দফা বৈঠক করেছেন। তবে মালিকরা যত টাকা-ই নির্ধারণ করুক, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগবেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, মালিকদের পক্ষে ১৫ হাজারের উপরে আর ২০ হাজারের নিচে প্রস্তাব দেয়া হলে অবশ্যই প্রধানমন্ত্রীর সহায়তা লাগবে। বিশ্লেষকরা বলেন, পোশাক খাতের ব্যবসায়ীরা সংকটে আছেন। অন্যদিকে মূল্যস্ফীতিও বেড়েছে। তাই শ্রমিকদের মজুরি এমন হওয়া উচিত, যা মালিকদের জন্য সহনীয় হয়।

মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। এর প্রভাব সমগ্র পোশাক খাতে পড়েছে। কাঁচামালের দাম বাড়ছে। ব্যবসায় খরচ বেড়েছে। যে কারখানাগুলো উৎপাদনে আছে এর বেশির ভাগই চরম সংকটে। এর মধ্যে শ্রমিকের মজুরি বাড়ানো হলে পোশাক খাতের ব্যবসা কঠিন হয়ে পড়বে। তবে আমরা বিশ্বাস করি শ্রমিকরা ভালো থাকলে ব্যবসা ভালো চলবে। চেষ্টা করছি তাদের জন্য ভালো একটা বেতন কাঠামো নির্ধারণ করতে। আশা করছি মালিক ও শ্রমিক-দুইপক্ষ মিলে একটি গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত মজুরি নির্ধারণ করা হবে। এজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দরকার হবে বলে মনে করি। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ব্যবসার খারাপ সময় চলছে। এর মধ্যে মজুরি বৃদ্ধি আমাদের জন্য বড় ধরনের ধাক্কা। তবে আশা করি, মালিকরা যে প্রস্তাব দেবেন তা শ্রমিকরা মেনে নেবেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ডিসেম্বর মাসে পোশাক শ্রমিকদের জন্য সর্বনিম্ন মাসিক মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হয়। গত ৯ই নভেম্বর অনুষ্ঠিত নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় মালিকপক্ষ ৭ কর্মদিবস সময় চাইলে আলোচনা শেষে তাদের ৪ কর্মদিবস সময় মঞ্জুর করা হয়। আগামী ১৬ই নভেম্বর পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের পরবর্তী সভা অনুষ্ঠিত হওয়ার কথা। বোর্ডে শ্রমিকদের প্রতিনিধি বাবুল আখতার বলেন, বাজারদর, মূল্যস্ফীতি, জীবনযাত্রা, বাসাভাড়া, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার খরচ বিবেচনা করেই এই প্রস্তাব দেয়া হয়েছে। চার সদস্যের একটি পরিবারের মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতার কথা ভেবে দাবি কমানো হয়েছে। বাবুল বলেন, আশা করি মালিকরা তাদের নিজস্ব মূল্যায়নের ভিত্তিতে একটি প্রস্তাব দেবেন। শ্রমিকপক্ষ, মালিকপক্ষ ও নিরপেক্ষ সদস্যের প্রস্তাব এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পর্যালোচনা করে মজুরি বোর্ড একটি সুপারিশ তৈরি করবে। সেই সুপারিশ শ্রম মন্ত্রণালয়ে পাঠানো হবে। সরকার তা বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করবে।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন বলেন, জিনিসপত্রের দাম অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি। মাসে সাড়ে ১২ হাজার টাকায় একটি পরিবার বাসাভাড়া দিয়ে তিনবেলা খেতে পারে না। পোশাক শ্রমিকরা মজুরি নির্ধারণের ক্ষেত্রে যে দাবি করেছে তার বাস্তবায়নের দাবি জানাই।
মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, আগামী সভায় মালিকপক্ষ প্রস্তাব জমা দিতে ব্যর্থ হলেও আমরা সিদ্ধান্ত গ্রহণে এগিয়ে যাবো। তাদের প্রস্তাবের জন্য বসে থাকবো না।’
অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, যে মজুরি বোর্ডে সরকার ও মালিকপক্ষ একপক্ষে থাকে, আর শ্রমিকপক্ষ থাকে অন্যপক্ষে, তাতে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়কে বাধাগ্রস্ত করবে। তিনি বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে শ্রমিকদের প্রকৃত আয় কমে যাচ্ছে। তাই শ্রমিকের জীবনযাত্রার চাহিদা এবং একইসঙ্গে মালিকপক্ষের বাড়তি মজুরি দেয়ার সক্ষমতা-উভয়টি বিবেচনায় নিয়ে গ্রহণযোগ্য মজুরি নির্ধারণ করা উচিত। গত সোমবার রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণে গ্রেডভিত্তিক বেতন প্রস্তাব করেছেন। তাদের প্রস্তাব অনুযায়ী, চারটি গ্রেডে সর্বনিম্ন্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৪৮ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।

অন্যদিকে পোশাকশিল্পে কর্মরত কর্মচারীদের চারটি গ্রেডে মাসিক মজুরি ৪০ হাজার থেকে ৫৫ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে। এতে মূল বেতন, বাড়িভাড়া ও অন্যান্য ভাতা মিলিয়ে পৃথকভাবে শ্রমিক ও কর্মচারীদের মজুরি কাঠামো তুলে ধরা হয়েছে। শ্রমিকপক্ষের প্রস্তাবে মোট মজুরির ৬০ শতাংশ মূল মজুরি এবং মূল মজুরির ৫০ শতাংশ বাড়িভাড়া নির্ধারণের কথা বলা হয়েছে। বাকি অংশ অন্যান্য ভাতা হিসেবে দেয়ার প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, পোশাক শ্রমিকদের জন্য গ্রেড-১ থেকে গ্রেড-৪ পর্যন্ত চারটি স্তর এবং শিক্ষানবিশদের জন্য আলাদা মজুরি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।