শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। চার গোলের পাশাপাশি আক্রমণ ও রক্ষণে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ থমাস ডুলি। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি প্রশংসা করেছেন অধিনায়ক হামজা চৌধুরীর। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলিয়ে সফল হওয়া হামজাকে পারফরম্যান্সের জন্য ১০-এ ১০ দিয়েছেন তিনি। ডুলির মতে, অধিনায়ক হিসেবেও হামজার চেয়ে ভালো বিকল্প নেই।
প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়া, সতীর্থদের আক্রমণে সহায়তা এবং গতিময় ফুটবলে রক্ষণে চাপ তৈরি করেছেন হামজা। ডুলি মনে করেন, হামজাকে সামনে খেলানোর সিদ্ধান্ত কাজে লেগেছে। কোচ বলেন, ‘১০ নম্বর পজিশনে হামজাকে খেলিয়ে তার ফুটবল প্রজ্ঞা কাজে লাগাতে চেয়েছি। সে সতীর্থদের পাস দিয়ে সাহায্য করতে পারে, আবার বক্সে ঢুকে গোলের সুযোগও তৈরি করতে পারে। সে আমাদের জন্য বিপজ্জনক একজন খেলোয়াড়।’
হামজার গতি, আগ্রাসন ও নেতৃত্বেরও প্রশংসা করেন ডুলি। তার মতে, হামজার উপস্থিতি অন্য খেলোয়াড়দের আরও স্বাধীনভাবে খেলার সুযোগ করে দেয়। পারফরম্যান্সের রেটিং জানতে চাইলে সরাসরি ১০-এ ১০ দেন কোচ। মজা করে বলেন, ‘আপনি আর কী চান সে করুক? পাঁচটা গোল করবে?’
হামজাকে অধিনায়কত্ব করা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান ডুলি। শুরুতে হামজা অধিনায়ক হতে আগ্রহী ছিলেন না। তবে তপু বর্মণ ও জামাল ভূঁইয়ার অনুপস্থিতি এবং সাদের চোটের পর নেতৃত্বের দায়িত্ব দেয়া হয়েছে তাকে। ডুলি বলেন, ‘এখন অধিনায়ক হিসেবে হামজার চেয়ে ভালো কেউ নেই। আশা করি, সে যত ম্যাচ খেলবে, প্রতিবারই অধিনায়ক থাকতে চাইবে।’
শুধু হামজা নয়, পুরো দলের পারফরম্যান্সেই সন্তুষ্ট বাংলাদেশের কোচ। বিশেষ করে রক্ষণভাগের সংগঠিত ফুটবলে মুগ্ধ তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে রক্ষণকে প্রায় নিখুঁত আখ্যা দিয়ে ডুলি বলেন, ‘গোলরক্ষক থেকে শুরু করে প্রত্যেক খেলোয়াড় অসাধারণ ছিল। সবাই কঠোর পরিশ্রম করেছে এবং আমরা কখনো হাল ছাড়িনি।’
বাংলাদেশের দীর্ঘদিনের গোলখরা কাটানোর প্রশ্নেও আশাবাদী ডুলি। তবে একজন কার্যকর স্ট্রাইকারের অভাবের কথা স্বীকার করেছেন তিনি। তার মতে, লম্বা ও শক্তিশালী একজন ৯ নম্বর খেলোয়াড় থাকলে গোল করা সহজ হতো। তারপরও হামজাকে আক্রমণাত্মক ভূমিকায় খেলিয়ে বক্সে দলের উপস্থিতি বাড়াতে চান তিনি। ডুলির ভাষায়, ‘হামজা ১০ নম্বর হিসেবে থাকায় আমরা বক্সে আরও বিপজ্জনক হতে পারছি। আশা করি, পরের ম্যাচগুলোতে আরও সুযোগ তৈরি করব এবং গোল করব। তবে ম্যাচ জিততে হবে, সেটা ১-০ হলেও সমস্যা নেই।’
চার গোলের জয়কে ভবিষ্যতের জন্য বাড়তি চাপ হিসেবে দেখতে চান না ডুলি। বরং একই ধারায় খেলা চালিয়ে যাওয়াই তার লক্ষ্য। তিনি বলেন, ‘প্রতিটি ম্যাচই চাপের। আমরা একইভাবে খেলতে চাই। খেলোয়াড়দের লড়াই করতে হবে এবং নিজেদের সেরাটা দিতে হবে।’
তবে এই আনন্দের রাতেও দুশ্চিন্তা রয়েছে বাংলাদেশের শিবিরে। ম্যাচে চোট পেয়েছেন সাদ। ডুলি জানিয়েছেন, তার পক্ষে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে খেলা কঠিন হতে পারে। এছাড়া কয়েকজন খেলোয়াড় আগে থেকেই চোটে রয়েছেন। ফলে সামনের ম্যাচগুলোর আগে দল নির্বাচন ও খেলোয়াড়দের ফিটনেস সামলানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ডুলির কাছে এই জয় কেবল চার গোলের ব্যবধান নয়, বাংলাদেশের ফুটবলের উন্নয়ন প্রক্রিয়ারও অংশ। খেলোয়াড়দের বল পাওয়ার আগেই মাঠ স্ক্যান করা, সতীর্থের অবস্থান বোঝা এবং দ্রুত সিদ্ধান্ত নেয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। কোচ বলেন, ‘ফুটবলে খেলার গতি খুব গুরুত্বপূর্ণ। বল পাওয়ার আগেই মাঠ স্ক্যান করতে হবে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে আমরা ধীরগতির হয়ে পড়ব।’
সবশেষে শ্রীলঙ্কার খেলোয়াড়দের কাছ থেকেও বাংলাদেশের প্রশংসা পাওয়ার কথা জানান ডুলি। বাংলাদেশের গতি, ব্যক্তিগত নৈপুণ্য, আক্রমণ এবং রক্ষণাত্মক সংগঠনে মুগ্ধ হয়েছে প্রতিপক্ষ। তবে এই জয়েই সন্তুষ্ট হয়ে থেমে থাকতে চান না তিনি। ডুলির বার্তা পরিষ্কার—চার গোলের জয় অতীত, এখন একই আগ্রাসন, প্রেসিং ও ফুটবল দর্শন নিয়ে পরের ম্যাচে মাঠে নামতে হবে বাংলাদেশকে।
