বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মধ্যে সিরিজ আয়োজন নিয়ে আলোচনা চলছে। দুই বোর্ড খেলতে আগ্রহী ও আন্তরিক। তবে ভারত দলের বাংলাদেশ সফরের ভাগ্য দুই দেশের সরকারের সম্মতির ওপর নির্ভর করছে। জানা গেছে, বিসিবি এবং বিসিসিআই এই সিরিজ আয়োজনে সম্মত হয়েছে। জানুয়ারি মাসের শুরুতে সিরিজ মাঠে গড়ানোর কথা রয়েছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে তিনটি ওয়ানডে ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা। তবে দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতার কারণে এর আগে ভারত দলের সফর পিছিয়ে যায়। এবারো সরকারের অনুমোদন ছাড়া তা কোনোভাবেই সম্ভব না। দিল্লি থেকে সবুজ সংকেত দিলেই সিরিজের সূচি প্রকাশ করা হবে বলেই জানা গেছে।
বিসিবি’র মিডিয়া বিভাগের চেয়ারম্যান আসিফ রব্বানী গতকাল সিরিজের অগ্রগতি নিয়ে দৈনিক মানবজমিনকে জানিয়েছেন বিসিবি’র হাতেও এই সফরের তালা খোলার আপাতত চাবি নেই। তিনি বলেন, ‘না, এই নিয়ে আসলে সত্যিকার অর্থে নতুন কোনো আপডেট নাই। যা আগেই বলেছি, দুই বোর্ডের এখন আলোচনা চলমান। দুই বোর্ড ইতিবাচক মানসিকতা নিয়েই আমরা কথা বলছি। এখন বিষয়টি শুধুমাত্র তো ইউ নো লাইক আমাদের ওপরেই ডিপেন্ড করে না, আরও কিছু ফ্যাক্টর্স আছে। আপনারা জানেন যে ইটস সামটাইমস বিয়ন্ড আওয়ার কন্ট্রোল।’ এর আগে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে দুইবার সিরিজের সময়সূচি ঠিক করা হয়। কিন্তু খেলা মাঠে গড়ায়নি। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সফর নিয়ে আপত্তি জানায়। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তারা ক্রিকেট দলের সফর আটকে দেয়। আসিফ রব্বানী সিরিজের ঘোষণার বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আপনারা জানেন যে ইটস সামটাইমস বিয়ন্ড আওয়ার কন্ট্রোল। তো সেই বিষয়গুলোকে মাথায় নিয়ে এটা চিন্তা করতে হবে। সো, এখনও ঐ ঘোষণা দেয়ার পর্যায়ে নাই যে আমরা অফিশিয়ালি এটা করছি কি না। এটা আরও কিছুদিন পরে আমরা হয়তো অবহিত করতে পারব।’ অন্যদিকে বিসিবিও এখন সরকারের অনুমতির অপেক্ষায় থাকতে হবে।
ক্রিকেট বোর্ড শুধুমাত্র খেলার আয়োজন করতে পারে, ক্রিকেট ভারত দলকে নিরাপত্তার দায়িত্ব সরকারের হাতে। আর রাষ্ট্রের সিদ্ধান্তের ওপর বোর্ডের নিয়ন্ত্রণ নেই। আসিফ রব্বানী সরকারের অনুমতির বিষয়ে বলেন, ‘না, ধরেন আমরা তো ক্রিকেট বোর্ড, সেই হিসেবে যতটুকু এখতিয়ার, ততটুকুই করতে পারবে। আর সরকারের বিষয়টা তো ধরেন আমাদের এখতিয়ার নয়, এটা তো তাদের বিষয়। তো সেই জায়গায় আমার মনে হয় বিসিবির যতটুকু আমাদের জুরিসডিকশন বা আমাদের এখতিয়ার যতটুকু, আমরা ততটুকুই বলতে পারি। আর এখনো এই সফর নিয়ে ঘোষণা করার মত কোন কিছু হয়নি, কিন্তু আমরা আশাও ছাড়িনি।’ ধরণা করা হচ্ছে জানুয়ারিতে যেহেতু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) হচ্ছেনা তাই সেই সময়টাতে বিসিবি চেষ্টা করছে ভারত সিরিজটি নতুন করে আয়োজন করার। দেশীয় কোচদের সুযোগ ও সম্ভাবনা দেশের কোচদের ওপর বিসিবি আস্থা রাখছে। দলে বোলিং ও ব্যাটিংয়ে দেশি কোচরাই দায?ত্িব সামলাচ্ছেন। তবে হঠাৎ করেই। দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং বিশেষজ্ঞ বা পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ডেল বেনকেনস্টেইন।
তাই প্রশ্ন উঠেছে ভবিষ্যতে দেশের কোচদের আরও কাজ করার সুযোগ দেওয়া হবে কি না! আসিফ রব্বানী দেশের কোচদের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন, ‘না, ঠিক বিষয়টা হচ্ছে যে এরকম আমরা অন্য অপশনগুলো এক্সপ্লোর করছি। এখন যিনি ব্যাটিং কনসালটেন্ট, ইনি কিন্তু সাউথ আফ্রিকা ট্যুরের জন্যই কনসালটেন্ট হিসেবে থাকবেন। এরপরে যেহেতু আমরা কিছুটা সময় পাচ্ছি, সেখানে যে পার্মানেন্ট যে ব্যাটিং কোচের বিষয়টা, সেটা নিয়ে আমরা এখন এক্সপ্লোর করছি বিষয়টিকে এবং আরও অপশনগুলো আমরা দেখছি। আর, আমার মনে হয় ব্যক্তিগত মতামত যে আমাদের বিদেশি কোচের সাথে যদি আমাদের দেশীয় কোচরা একটা অভিজ্ঞতার শেয়ার করতে থাকে, তাদের গ্রোথেরও বিষয় থাকে। এই জায়গাটা তারা তাদের সাথে কাজ করলে বা তাদের অভিজ্ঞতা থেকে তারা আরও বেশি ডেভেলপড হতে পারবে বলে আমি মনে করি।’
