সাফে খাবার নিয়ে অসন্তুষ্ট ভারত

সাফে খাবার নিয়ে অসন্তুষ্ট ভারত

ফন্ট সাইজ:

সাফ চ্যাম্পিয়নশিপে খাবারের মেন্যু নিয়ে অসন্তুষ্ট ভারত। প্রতিদিন একই ধরনের খাবার দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারত ফুটবল দলের কোচ নওশাদ মুসা। অন্যদিকে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হয়নি বলেও জানিয়েছেন তিনি। দলের সদস্যদের বাইরে ঘোরাফেরার সুযোগ না থাকলেও যাতায়াত ও ম্যাচের সময় পর্যাপ্ত নিরাপত্তা পাচ্ছেন বলে জানান নওশাদ।
গতকাল মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে সাফের সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের পারফরম্যান্স, শিরোপার সম্ভাবনা, স্কোয়াডের শক্তি ও টুর্নামেন্টে পাওয়া সুযোগ-সুবিধা নিয়ে কথা বলেন নওশাদ। মালদ্বীপের বিপক্ষে জয় পেলেও প্রতিপক্ষের প্রশংসা করতে ভোলেননি তিনি।

বিশেষ করে দ্বিতীয়ার্ধে মালদ্বীপ যেভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, তা ভালো লেগেছে ভারতীয় কোচের। দলের প্রস্তুতির সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন নওশাদ। প্রথম ম্যাচে খেলা পাঁচজন ফুটবলার চলে যাওয়ার পর নতুন করে ১০ জন যোগ দিয়েছেন দলে। তাঁদের নিয়ে অনুশীলনের সুযোগ মিলেছে মাত্র দুই দিন। পর্যাপ্ত প্রস্তুতি ক্যাম্প ছাড়াই দলকে গুছিয়ে নিতে হয়েছে। এমন পরিস্থিতিতে ফুটবলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট এই কোচ। তিনি বলেন, ‘নতুন ১০ জন খেলোয়াড় যোগ দেওয়ার পর অনুশীলনের জন্য মাত্র দুই দিন সময় পেয়েছি। দল গুছিয়ে নেওয়ার মতো যথাযথ কোনো ক্যাম্পও ছিল না। এরপরও ছেলেরা যেভাবে খেলেছে, তা সত্যিই দারুণ।’ সাফের শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে সরাসরি কোনো প্রতিশ্রুতি দেননি নওশাদ। তাঁর মতে, নির্দিষ্ট দিনে খেলোয়াড়দের ব্যক্তিগত ও দলীয় পারফরম্যান্সই নির্ধারণ করবে সাফল্য। প্রতিপক্ষকে খাটো করে দেখারও সুযোগ নেই। মালদ্বীপের পারফরম্যান্সকে উদাহরণ হিসেবে টেনে তিনি বলেন, ‘যে প্রতিপক্ষই পাই না কেন, আমাদের সতর্ক থাকতে হবে। আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। আরও ভালো ফুটবল খেলতে হবে।’ সেমিফাইনালের আগে দুই দিনের অনুশীলন কাজে লাগিয়ে প্রতিপক্ষ অনুযায়ী দল সাজানোর পরিকল্পনাও জানিয়েছেন তিনি।

সোহেল ও পল্লাসের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের যোগ দেওয়ায় দল আরও শক্তিশালী হয়েছে কি না, এমন প্রশ্নেও বাস্তববাদী অবস্থান নেন ভারতীয় কোচ। তাঁর কাছে দলে কে আছেন বা কে নেই, সেটি বড় বিষয় নয়; বরং বর্তমান খেলোয়াড়দের নিয়ে কীভাবে কার্যকর একটি দল গড়ে তোলা যায়, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। নওশাদের ভাষায়, ‘আমার কাছে যারা আছে, তাদের নিয়েই কাজ করতে হবে। কে গেল বা কে আছে, তা নিয়ে উদ্বিগ্ন না হয়ে কীভাবে তাদের একটি দল হিসেবে খেলানো যায়, সেটাই দেখতে হবে।’ মালদ্বীপের বিপক্ষে ভারতের জয়ে গোলরক্ষক প্রিয়াংশ দুবের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ। বিশেষ করে দ্বিতীয়ার্ধে কয়েকটি কঠিন সেভ করে দলকে এগিয়ে রাখেন তিনি। মোহনবাগানের রিজার্ভ দল থেকে উঠে আসা তরুণ এই গোলরক্ষকের পারফরম্যান্সে গর্বিত নওশাদ। বলেন, ‘চাপের মুখে, বিশেষ করে দ্বিতীয়ার্ধে সে দারুণ শান্ত ছিল। তার পারফরম্যান্সে আমি খুবই খুশি ও গর্বিত।’

তবে সংবাদ সম্মেলনের শেষ দিকে টুর্নামেন্টের আতিথেয়তা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে খাবারের বিষয়টি সামনে আনেন নওশাদ। তার অভিযোগ, দলকে নির্দিষ্ট একটি মেনু দেয়া হয়েছে, যা সব সময় খেলোয়াড়দের চাহিদার সঙ্গে মেলে না। বিশেষ করে ম্যাচের পর ফুটবলারদের ভালো খাবার প্রয়োজন হলেও একই খাবার বারবার পরিবেশন করা হচ্ছে। তিনি বলেন, ‘আয়োজক হিসেবে আপনি বলতে পারেন না যে আপনাকে এই খাবারই খেতে হবে। ম্যাচের পর খেলোয়াড়দের ভালো খাবার প্রয়োজন। কিন্তু প্রতিদিন একই খাবার পাওয়া যাচ্ছে।’ খাবার নিয়ে অসন্তোষ থাকলেও নিরাপত্তা ব্যবস্থায় কোনো সমস্যা দেখছেন না ভারতীয় কোচ। বাইরে ঘোরাফেরার সুযোগ না থাকায় ঢাকা ঘুরে দেখার অভিজ্ঞতা হয়নি দলের সদস্যদের। তবে যাতায়াত ও ম্যাচের দিনগুলোতে নিরাপত্তা ও কনভয়ের ব্যবস্থা ছিল বলে জানান তিনি।