‘মধ্যরাতে ই-মেইল পাঠিয়ে আমাকে চাপে ফেলা হয়েছে’

৪-০ গোলে হারের পর মুতাইরির বিস্ফোরণ

‘মধ্যরাতে ই-মেইল পাঠিয়ে আমাকে চাপে ফেলা হয়েছে’

ফন্ট সাইজ:

বাংলাদেশের কাছে ৪-০ গোলের বিধ্বস্ত হার। সেমিফাইনালের স্বপ্নও শেষ শ্রীলঙ্কার। কিন্তু মাঠের ব্যর্থতা নিয়ে আলোচনার বদলে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাফের কর্তাব্যক্তিদের নিয়েই বেশি সরব হলেন শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি। সাফের আইন কর্মকর্তা তানজিমের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, দ্বৈতনীতি ও উদ্দেশ্যপ্রণোদিত আচরণের অভিযোগ তুললেন তিনি। দাবি করলেন, ম্যাচের আগের রাতে তাকে ই-মেইল পাঠিয়ে ছয় মাসের নিষেধাজ্ঞা ও ১০ হাজার ডলার জরিমানার হুমকি দেয়া হয়েছে। ৪-০ গোলে হারের পর যেন নিজের ক্ষোভ উগরে দিলেন এই কোচ।

সংবাদ সম্মেলনের শুরুতে বাংলাদেশকে অভিনন্দন জানালেও কিছুক্ষণের মধ্যেই সাফের আইন বিভাগের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে ওঠেন মুতাইরি। তার প্রশ্ন, ম্যাচের আগের রাতে কেন তাকে ই-মেইল পাঠানো হলো? তিনি বলেন, ‘আমার সামান্য কিছু কথার কারণে মধ্যরাতে আমাকে ই-মেইল পাঠানো হয়েছে। কেন? সকাল ৯টা পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। এত তাড়াহুড়ো কিসের ছিল?’

নিজের দাবির পক্ষে ই-মেইলের একটি অংশও পড়ে শোনান তিনি। মুতাইরির ভাষ্য অনুযায়ী, সেখানে স্বীকার করা হয়েছে, তার বক্তব্য ছিল রেফারিং সিদ্ধান্তের সমালোচনা ও ভিএআর চালুর দাবি নিয়ে; বাংলাদেশ কিংবা সাফের বিরুদ্ধে নয়। এমনকি আয়োজক দেশ হিসেবে বাংলাদেশের প্রতি পক্ষপাতিত্বের উদ্দেশ্যও তার ছিল না। তাহলে কেন তাকে শাস্তির হুমকি দেয়া হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তিনি।

সাফের দ্বৈতনীতি বোঝাতে ২০২৩ সালের ভারত-পাকিস্তান ম্যাচের প্রসঙ্গ টানেন মুতাইরি। তার অভিযোগ, ওই ম্যাচে ভারতের কোচ পাকিস্তানের এক খেলোয়াড়কে স্পর্শ করলেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়নি। পরবর্তী সময়ে কুয়েতের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায়ও মাত্র ৫০০ ডলার জরিমানা করা হয়েছিল। অথচ নিজের ক্ষেত্রে ছয় মাসের নিষেধাজ্ঞা ও ১০ হাজার ডলার জরিমানার হুমকি দেয়া হচ্ছে। ২০২১ সালের সাফেও দুটি হলুদ কার্ডের কারণে তাকে ফাইনালে নিষিদ্ধ করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। প্রতিযোগিতার নিয়মে এমন কোনো বিধান থাকলে কোচিং ছেড়ে দেয়ার চ্যালেঞ্জও ছুড়ে দেন আইন বিভাগের প্রধানকে।

সাফের আয়োজক নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন মুতাইরি। তার দাবি, ২০২৩ সালের সাফ আয়োজনের জন্য আবেদন করেছিল কেবল নেপাল। কিন্তু স্পনসরের শর্তে শেষ পর্যন্ত ভারতকে আয়োজক করা হয়। সাফের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায়ও পক্ষপাতিত্ব রয়েছে বলে অভিযোগ তার। শ্রীলঙ্কার সংশ্লিষ্ট কমিটির প্রতিনিধিকে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার না দেওয়ার বিষয়টিও সামনে আনেন তিনি।

ক্ষোভের একপর্যায়ে সাফের আইন বিভাগের প্রধানকে উদ্দেশ করে ধর্মীয় প্রসঙ্গ টেনে বলেন, ‘হাশরের ময়দানে আল্লাহর সামনে যখন আমরা মুখোমুখি দাঁড়াব, তখন আপনি কোথায় পালাবেন? কেয়ামতের দিন আমি আপনার বিরুদ্ধে অভিযোগ জানাব।’ নিজের অবস্থান পরিষ্কার দাবি করে মুতাইরি বলেন, ‘আমার মন পরিষ্কার। আমি কোনো অন্যায় করিনি। তারা চাইলে আমাকে দুই-তিন বছরের জন্য নিষিদ্ধ করতে পারে। তাতে স্ত্রী ও পরিবারের সঙ্গে ছুটি কাটানোর সুযোগ হবে।’

বাংলাদেশের কাছে ৪-০ গোলে হারের পেছনেও সেই ই-মেইলের প্রসঙ্গ টানেন এই কোচ। তার দাবি, ই-মেইল পাওয়ার পর থেকেই বুঝতে পেরেছিলেন তাদের হারতে হবে। বিশ্বকাপ খেলা কোচদের ক্ষেত্রে এক ধরনের আচরণ, আর তার ক্ষেত্রে আরেক ধরনের আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সবশেষে নিজের কাছে থাকা প্রমাণ ও কর্মকর্তাদের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ঘোষণা দেন মুতাইরি। তার ভাষায়, ‘সাফ যদি সত্যিই ফুটবলের উন্নয়ন চায়, তাহলে তাদের একটাই কাজ করা উচিত—শুধু ফুটবলটা খেলতে দেওয়া। স্রেফ ফুটবল।’