রপ্তানিমুখী শিল্পের জন্য শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা সুতা ও কাপড়ের অপব্যবহার ঠেকাতে বিদ্যমান বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থার পরিবর্তে ব্যাংক গ্যারান্টি চালুর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)। সংগঠনটির দাবি, বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামালের একটি উল্লেখযোগ্য অংশ অবৈধভাবে স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে। এতে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি দেশীয় বস্ত্রকলগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ছে।
বুধবার বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের কাছে পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব দিয়েছে বিটিএমএ। চিঠিতে সংগঠনটি বলেছে, বন্ড সুবিধার ব্যাপক অপব্যবহারে দেশের স্পিনিং ও উইভিং শিল্পের বিনিয়োগ হুমকির মুখে পড়ছে।
বিটিএমএ প্রস্তাব করেছে, প্রকৃত রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ব্যাংক গ্যারান্টির বিপরীতে সুতা ও কাপড় আমদানির সুযোগ দেওয়া হোক। এ ক্ষেত্রে ব্যাংকগুলোকে শূন্য বা নামমাত্র নগদ মার্জিন ও কমিশনে গ্যারান্টি ইস্যু করতে হবে।
এ ছাড়া গ্যারান্টি ইস্যু, নবায়ন ও অবমুক্তির ক্ষেত্রে সব ব্যাংকের জন্য অভিন্ন ও বাধ্যতামূলক নির্দেশনা জারির জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। পণ্য জাহাজীকরণ এবং রপ্তানি আয় দেশে প্রত্যাবাসনের প্রমাণ জমা দেওয়ার পর দ্রুত গ্যারান্টি অবমুক্ত করার ব্যবস্থাও চেয়েছে তারা। বিটিএমএ সভাপতি মো. শামীম ইসলাম চিঠিতে স্বাক্ষর করেছেন।
চিঠিতে বন্ড সুবিধার অপব্যবহারের কয়েকটি কারণও তুলে ধরেছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে সুতা ও কাপড়ের কাউন্ট সম্পর্কে ভুল ঘোষণা, শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা পণ্যের অবৈধভাবে স্থানীয় বাজারে স্থানান্তর এবং আমদানি, উৎপাদন ও রপ্তানির তথ্যের মধ্যে অসংগতি।
বিটিএমএর মতে, এসব অনিয়মের কারণে শুল্ক-কর পরিশোধ করে কাঁচামাল আমদানি করা দেশীয় উৎপাদকরা আমদানিকৃত পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন।
সংগঠনটি বলেছে, দেশের স্পিনিং ও উইভিং মিলগুলোর শিল্পের চাহিদা পূরণের সক্ষমতা রয়েছে। কিন্তু বন্ড সুবিধায় আমদানি করা সুতা ও কাপড় স্থানীয় বাজারে বিক্রি হওয়ায় দেশীয় মিলগুলো ন্যায্য প্রতিযোগিতার সুযোগ পাচ্ছে না।
এর প্রভাব শুধু বস্ত্রকলের মধ্যে সীমাবদ্ধ থাকছে না; কাঁচামাল সরবরাহকারী, সহযোগী শিল্প, কর্মসংস্থান ও ব্যাংক খাতেও পড়ছে বলে দাবি করেছে বিটিএমএ। উৎপাদন কমে যাওয়ায় মিলগুলোর ঋণ পরিশোধের সক্ষমতা দুর্বল হচ্ছে। একই সঙ্গে নতুন বিনিয়োগও নিরুৎসাহিত হচ্ছে।
তবে বিটিএমএ বলেছে, তাদের প্রস্তাবের উদ্দেশ্য আমদানি সীমিত করা বা রপ্তানিকারকদের ওপর বাড়তি শুল্কের বোঝা চাপানো নয়। বরং ব্যাংক গ্যারান্টি ব্যবস্থায় আমদানি করা কাঁচামাল ঘোষিত উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে এবং তা দিয়ে উৎপাদিত পণ্য রপ্তানি হচ্ছে কি না, তা নিশ্চিত করা সম্ভব হবে।
এ জন্য গ্যারান্টির বিপরীতে শূন্য বা নামমাত্র নগদ মার্জিন ও কমিশন রাখার প্রস্তাব দিয়েছে সংগঠনটি, যাতে রপ্তানিকারকদের ওপর বাড়তি আর্থিক চাপ না পড়ে।
দেশীয় বস্ত্রশিল্পের সুরক্ষা এবং বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহার বন্ধে বাণিজ্যমন্ত্রীর গঠিত আন্তমন্ত্রণালয় কমিটিকে এসব প্রস্তাব বিবেচনার আহ্বান জানিয়েছে বিটিএমএ।
শুল্কমুক্ত সুতা-কাপড় আমদানিতে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা চায় বিটিএমএ
অর্থনৈতিক রিপোর্টার
অর্থ বাণিজ্য
৪১ মিনিট আগে
১১ নভেম্বর (বুধবার), ২০২৬, ১০ঃ২২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
