দেশের অর্থনীতি কিছুটা চাপে থাকলেও তা সঠিক পথেই রয়েছে এবং ধীরে ধীরে ইতিবাচক ধারায় ফিরছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান আলোচনা ও কর্মসূচি আগামী জানুয়ারির মধ্যেই চূড়ান্ত রূপ পাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ইউনেস্কো ও জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
রাজস্ব আদায়ের চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী জানান, বর্তমানে আয়কর ও কাস্টমস উভয় খাতেই প্রায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তবে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় কিছুটা পিছিয়ে রয়েছে। এক মাসের পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনো হাতে আসেনি। পূর্ণাঙ্গ চিত্র পাওয়া গেলে ভ্যাট আদায়েও ঊর্ধ্বমুখী গতি দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, প্রথম প্রান্তিকের পর পর্যায়ক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে রাজস্ব পরিস্থিতি ইতিবাচক হবে। এর ফলে সরকার নির্ধারিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা সফলভাবে পূরণ করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।সরকারি সেবা
একদিকে রাজস্ব আয় পিছিয়ে পড়া, অন্যদিকে পে-স্কেলের কারণে সরকারি ব্যয় বেড়ে যাওয়ায় সরকার কোনো চ্যালেঞ্জের মুখে পড়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রথম প্রান্তিকে হিসাব কিছুটা পিছিয়ে থাকা স্বাভাবিক। সবকিছু চুলচেরা হিসাব-নিকাশ করেই পরিচালনা করা হচ্ছে। জনগণের করের প্রতিটি টাকার সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে।সরকারি সেবা
তিনি বলেন, প্রতিটি সরকারি ব্যয়ের ক্ষেত্রে বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। হিসাবের বাইরে বা অপ্রয়োজনীয় কোনো ব্যয় করা হচ্ছে না।
আইএমএফের ঋণ ও কর্মসূচি চূড়ান্ত হওয়ার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এখানে ঋণ পাওয়াটাই মূল বিষয় নয়; এটি একটি পূর্ণাঙ্গ প্যাকেজ কর্মসূচি। এর আওতায় আইএমএফ, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় সংস্থার পাশাপাশি বন্ড ইস্যুর মাধ্যমেও অর্থায়নের কার্যক্রম পরিচালিত হয়।
তিনি জানান, আইএমএফের সঙ্গে ওয়ার্কিং গ্রুপের আলোচনা নিয়মিত চলছে। আগামী জানুয়ারির মধ্যে এ কর্মসূচির চূড়ান্ত রূপরেখা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার ও পৃথকীকরণ নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি ইতোমধ্যে নীতিগতভাবে চূড়ান্ত হয়েছে। দ্রুতই এটি আইনি রূপ পেতে যাচ্ছে।
