দাগনভূঞায় বিএনপির বিদ্যমান দু'গ্রুপের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন ও জেলা ছাত্রদলের বহিস্কৃত সহ-সভাপতি জামশেদুর রহমান ফটিক গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এসময় দুই গ্রুপের অন্তত ২৫ জন আহত হয়। বুধবার রাত সাড়ে ৭টার দিকে দাগনভূঞা পৌর শহরের ইসহাক শপিং কমপ্লেক্স ও এফটিসি মার্কেটের সামনে দুই দফা সংঘর্ষে আহতদের মধ্যে ১৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাজারে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ ঘটে। গত রোববার র্যালি ঘিরে উত্তেজনার পর বুধবার বিকেল থেকে দুই গ্রুপের কর্মী সমর্থকরা শহরের বিভিন্ন সড়ক ও মার্কেটের সামনে অবস্থান নিয়ে মহড়া দিতে থাকে। ফটিকের লোকজন দীর্ঘদিন থেকেই শহরের গণশোচাগারের পাশে সামিয়ানা টাঙ্গিয়ে অস্থায়ী কার্যালয় তৈরি করে অবস্থান নিচ্ছিলো। প্রতিদিনের মতো বুধবার ফটিকের অনুসারিরা ওই স্থানে অবস্থান নেয়। এসময় আকবর সমর্থকের কয়েকজন ওই এলাকা দিয়ে যাওয়ার সময় দুইপক্ষের লোকজন একে অন্যকে উদ্দেশ্য করে কটাক্ষ করলে উত্তেজনা দেখা দেয়। এ খবর ছড়িয়ে পড়লে আকবর সমর্থকরা বিভিন্ন এলাকা থেকে একত্রিত হলে ফটিক সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে।
এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রায় আধাঘন্টা ধরে চলা সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এর ফলে আধা ঘন্টা পর ফেনী-নোয়াখালী আঞ্চরিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। গুরুতর আহত ফটিক সমর্থক তার মেঝো ভাই মোস্তাফিজুর রহমান পলাশ ছাড়াও যুবদলের ইসমাঈল,মো.ইব্রাহিম, তোফায়েল, কামরুল হাসান, সাইদুল ইসলাম, রিয়াদ, এমদাদুল হক শামীম ও আরিফুল ইসলাম রিপন এবং আকবর সমর্থক ছাত্র ও যুবদল নোতাকর্মী ইমাম হোসেন মিল্টন, যুবদল সোহেল রানা, জুয়েল, ইউসুফ হোসেন, নেতা তসলিম, আফরান মাসুদ, আরমান, আজাদ, নিয়ন, মামুন ও সারোয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
আহতদের মধ্যে মিল্টনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে জামশেদুর রহমান ফটিক জানান, বিনা উস্কানিতে তার কর্মী সমর্থকদের উপর হামলা করা হলে তারা প্রতিহত করলে সংঘর্ষ বেধে যায়।
উপজেলা ছাত্রদলের সভাপতি সাইমুল হক রাজিব জানান পরিকল্পিত ভাবেই ছাত্র ও যুবদল নেতাকর্মীদের উপর হামলা করেছে ফটিক গ্রুপ। দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া যান চরাচল স্বাভাবিক ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করে পুলিশ। এর আগে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে রোববার বিকেলে শহরে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটেছে। প্রসঙ্গত, আওয়ামী লীগের সময় থেকেই দাগনভূঞা বিএনপিতে কোন্দল বিরাজ করছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর ওই কোন্দল চরম আকার ধারণ করে।
