বাঁচানো গেল না শিশুটিকে!

বাঁচানো গেল না শিশুটিকে!

ফন্ট সাইজ:

জন্মের মাত্র ৫ ঘন্টা পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে দগ্ধ হয় শিশু। পরে চিকিৎসার জন্য বার্ণ ইনস্টিটউটে, পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন গত ৫ দিন। বাইরের আলো বাতাসের সংস্পর্শে আসার আগেই পৃথিবী ছেড়ে চলে গেল শিশুটি! মূল ঘটনাটি ঘটে রাজধানীর চানখারপুলের রয়েল কেয়ার হাসপাতালে। যদিও শুরুতে শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়। পরে এনআইসিইউ সংকটে রাখতে হয় এই বেসরকারি ক্লিনিকে।
রয়েল কেয়ার হাসপাতালের এনআইসিউতেই দগ্ধ হয় শিশুটি। মাথা, পিঠ ও পায়ের বিভিন্ন অংশ পুড়ে যায়। এরপর শুরু হয় তাকে বাঁচানোর আরেক লড়াই। সুস্থ হয়ে মায়ের কোলে ফিরবে, এমন আশায় রয়েল কেয়ার থেকে জাতীয় বার্ণ ইনস্টিটিউট, সেখান থেকে রয়েল কেয়ার হয়ে ফের ঢাকা মেডিকেলে ছিলো চিকিৎসাধীন। শেষ পর্যন্ত সেই লড়াইও থেমে গেল। বুধবার দুপুর ৩টার দিকে মারা যায় ওই নবজাতক।

শিশুটির বাবা গোলাম রাব্বানী বাচ্চাকে হারানোর শোকে দিশেহারা। বাকরুদ্ধ হয়ে বুধবার রাত ৯টার দিকে তিনি মানবজমিনকে বলেন, ‘বাচ্চার নাম রাখার সময়ই পেলাম না। জন্মের কিছুক্ষণ পরই দুর্ঘটনার শিকার হয় আমার বাচ্চা’ তিনি বলেন, আমি চকবাজার থানায় হত্যা মামলা করবো। মামালার কাগজপত্র ইতিমধ্যেই সব কিছু প্রস্তুত করছি। এখনও বাচ্চা হাসপাতালে রাখা আছে। রাব্বানী জানান, সব প্রক্রিয়া শেষ হলে শিশুকে নিয়ে গাজীপুর চৌরাস্তা এলাকায় বাড়িতে চলে যাবেন।

গত শনিবার শিশুটির পরিবার জানায়, শুক্রবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শিশুটির মা শাপলা বেগমকে। পরদিন শনিবার ভোর চারটার দিকে তাঁর ছেলেসন্তানের জন্ম হয়। জন্মের পর শিশুটিকে এনআইসিইউতে রাখার পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু ঢাকা মেডিকেলে এনআইসিইউর শয্যা খালি ছিল না। তখন হাসপাতালের মতিউর নামের এক ব্যক্তির পরামর্শে নবজাতককে পাশের চানখাঁরপুল এলাকার রয়েল কেয়ার হাসপাতালে নিয়ে যায় পরিবার।

বাবা গোলাম রাব্বানীর অভিযোগ, রয়েল কেয়ার হাসপাতালের এনআইসিইউতে শিশুটিকে রাখার কিছুক্ষণ পরই ভেতর থেকে চিৎকার ও আগুনের কথা শুনতে পান তারা। ছুটে গিয়ে দেখেন, তাঁর নবজাতক ছেলের মাথা, পিঠ ও পায়ের কিছু অংশ পুড়ে গেছে। রাব্বানীর দাবি, এনআইসিইউ অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় তাঁর সন্তান দগ্ধ হয়। ঘটনার পর হাসপাতালের সংশ্লিষ্ট লোকজনকে আর সেখানে পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তিনি।
পরে শিশুটিকে বাঁচাতে প্রথমেই নেয়া হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে ঢাকা মেডিকেলের নবজাতক বিভাগে ভর্তি করা হয় শিশুটিকে। সেখানে এনআইসিইউতে লাইফ সাপোর্টে রেখে চলছিল চিকিৎসা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রয়েল কেয়ার হাসপাতালের মালিক অপর্ণা হালদার বলেন, ঘটনার পর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তারা সিদ্ধান্ত নিয়ে পরবর্তী করণীয় জানাবেন।