কানাডায় পাটপণ্যের বাজার ধরতে ডিসিসিআই-টিএফওর প্রকল্প চালু

কানাডায় পাটপণ্যের বাজার ধরতে ডিসিসিআই-টিএফওর প্রকল্প চালু

ফন্ট সাইজ:

বাংলাদেশের পাটখাতের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাদের কানাডার বাজারে রপ্তানি সক্ষমতা বাড়াতে ‘ট্রাইসেগ’ (ট্রেড ফর রেজিলিয়েন্ট, ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল ইকোনমিক গ্রোথ) প্রকল্প চালু করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও টিএফও কানাডা।

বৃহস্পতিবার রাজধানীর ডিসিসিআই মিলনায়তনে এ প্রকল্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামিম।

অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের প্রস্তুতির এ সময়ে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ অত্যাবশ্যক। টেকসই অর্থনীতি গড়ে তুলতে ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান, বিশেষ করে নারী উদ্যোক্তা ও অপেক্ষাকৃত কম প্রতিনিধিত্বশীল উদ্যোগগুলোকে বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্ত করা জরুরি।

তিনি বলেন, ট্রাইসেগ প্রকল্পের মাধ্যমে এসএমই উদ্যোক্তাদের লক্ষ্যভিত্তিক প্রশিক্ষণ, বিশেষায়িত ব্যবসায়িক পরামর্শ ও সরাসরি বাজার সংযোগের সুযোগ তৈরি হবে। এর ফলে কানাডাসহ আন্তর্জাতিক বাজারে নতুন ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হবে।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হাসান আরিফ বলেন, ভূরাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ২০২৫ সালে বাংলাদেশের রপ্তানি আয় ছিল ৪৮ বিলিয়ন ডলার। কানাডা বাংলাদেশের শীর্ষ ১০ রপ্তানি গন্তব্যের একটি। দেশটিতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ১ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
তিনি জানান, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পাট ও পাটজাত পণ্যের রপ্তানিতে ২৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে এলডিসি থেকে উত্তরণের পর রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে পণ্যের বহুমুখীকরণ জরুরি।

বিশেষ অতিথি খোন্দকার মো. নাজমুল হুদা শামিম বলেন, দেশের পাট ও পাটজাত পণ্য খাতের অগ্রগতি সন্তোষজনক হলেও পণ্যের বহুমুখীকরণসহ বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং গুণগত মান নিশ্চিত করতে হবে। এ প্রকল্প পাটখাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদন সক্ষমতা ও পণ্যের মান উন্নয়নে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

টিএফও কানাডার প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফ আহমেদ জানান, কানাডা সরকারের অর্থায়নে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ১৬টি দেশে পাঁচ বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত হবে। এতে এসএমই উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, রপ্তানি প্রস্তুতি, ডিজিটালাইজেশন, অর্থায়নের সুযোগ এবং জলবায়ু সহনশীলতা বাড়ানোর বিষয়ে প্রশিক্ষণ ও সহযোগিতা দেওয়া হবে।
তিনি বলেন, প্রকল্পের আওতায় প্রায় ৩ হাজার ২০০ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা কানাডার বাজারে প্রবেশাধিকার বাড়াতে সহায়তা পাবেন। তাদের ৬৭ শতাংশই নারী উদ্যোক্তা। বাংলাদেশ থেকে প্রায় ২০০ এসএমই এ সহযোগিতা পাওয়ার সুযোগ রয়েছে। বিশেষ করে পাটখাতের উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে।

অনুষ্ঠানে লাইটক্যাসল পার্টনার্সের প্রিন্সিপাল বিজনেস কনসালট্যান্ট ও পোর্টফোলিও ম্যানেজার ওমর ফারহান খান বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ পাট উৎপাদনকারী দেশ হলেও পাটজাত পণ্যে মূল্য সংযোজনের ঘাটতি রয়েছে। ফলে ৩ বিলিয়ন ডলারের বৈশ্বিক বাজারের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। পণ্যের বহুমুখীকরণ, উদ্ভাবন ও মূল্য সংযোজনের মাধ্যমে এ খাতের রপ্তানি বাড়াতে প্রকল্পটি ভূমিকা রাখবে।

আলোচনায় বাংলাদেশে নিযুক্ত কানাডার দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি দিনা মুজিচ, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মাহবুবুর রহমান, জুট ল্যান্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রতিমা চক্রবর্তী এবং বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের পরিচালক মো. সাইফুল ইসলাম অংশ নেন।
মো. সাইফুল ইসলাম আগামী ১০ বছরের জন্য পাটজাত পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি কাঁচা পাটের মূল্য নির্ধারণ ও পাটজাত পণ্যের সরবরাহব্যবস্থা উন্নয়নের ওপর গুরুত্ব দেন।

প্রতিমা চক্রবর্তী পাটখাতের নারী উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সহজ করা এবং পণ্যের সার্টিফিকেশন ও কমপ্লায়েন্স ব্যয় কমানোর আহ্বান জানান।
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মাহবুবুর রহমান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সচেতনতার অভাবে অনেক এসএমই উদ্যোক্তা ঋণসুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের উইমেন এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট ফান্ডে ৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এ তহবিল থেকে নারী উদ্যোক্তারা ৫ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন।
অনুষ্ঠানে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী, সহসভাপতি মো. সালিম সোলায়মান এবং পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।