দেশে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) প্রাঙ্গণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। তবে জনসমর্থনহীন কোনো ষড়যন্ত্র বা নাশকতার চেষ্টা সফল হবে না। জনগণই এসব অপতৎপরতা প্রতিহত করবে। যে কাজের পেছনে জনসমর্থন থাকে না, তা কখনো টিকে থাকতে পারে না। পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা চালানো হলেও জনগণ তা প্রতিরোধ করবে।
তিনি বলেন, বিগত সরকারের সময় দেশের অর্থ পাচার ও বিভিন্ন ধরনের দেশবিরোধী অপতৎপরতা চালানো হয়েছে। এখনো বিভিন্নভাবে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। এমনকি সাম্প্রতিক আন্দোলনে নেতৃত্ব দেয়াদের বাড়িতে হামলার মতো ঘটনাও ঘটেছে। তবে এ ধরনের পরিকল্পিত ও কৃত্রিম অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হবে না।
ঐতিহাসিক ৭ই নভেম্বরের তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, জনগণের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় এবং সামনে এগোনোর পথ সংকুচিত হয়ে আসে, তখনই বিপ্লব অনিবার্য হয়ে ওঠে। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় চেতনা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আকাঙ্ক্ষা থেকে সিপাহি-জনতা রাজপথে নেমে এসেছিল।
তিনি আরও বলেন, সেই বিপ্লবের মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরে এসেছিল। একই চেতনার ধারাবাহিকতায় ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং সর্বশেষ ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে মানুষ ফ্যাসিবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বেস সভায় জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
