২০ বছর আগে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর বগুড়াবাসীর আর ঘরের মাঠে বসে আন্তর্জাতিক ক্রিকেট দেখার সুযোগ হয়নি। রাজনৈতিক পটভূমির পাশাপাশি স্থানীয় বিরোধে এখানকার মানুষ প্রায় এক যুগ খেলা থেকে বঞ্চিত ছিল। একপর্যায়ে ঘরোয়া আসরও বন্ধ হয়ে যায়। সমপ্রতি দেশে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী বগুড়ার সন্তান এবং তার সরকারের ৯ মাস চলছে। গত এপ্রিলে ক্রীড়া প্রতিমন্ত্রী এখানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর ঘোষণা দেন। তবে প্রত্যাবর্তনের সময়কাল নিয়ে এখনো নানা জটিলতা রয়েছে। বর্তমানে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর। জানা গেছে ২০২৮ এ শহীদ চান্দুতে বসে বগুড়াবাসী ফের আন্তর্জাতিক ক্রিকেট উপভোগ করতে পারবেন। তবে সত্যিই তা সম্ভব কি না সেই প্রশ্ন থাকছে।
এ নিয়ে বাস্তবতা তুলে ধরেছেন বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী। তিনি বলেন ‘এমনি মূলত এই চান্দু স্টেডিয়ামের সংস্কার কাজটা কিন্তু আন্তর্জাতিক ম্যাচ ফেরানোকেই নিয়ে এবং এখানে আরেকটি বিষয় যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে আইসিসির গাইডলাইন অনুযায়ী কিন্তু এই সংস্কার হতে হবে। আন্তর্জাতিক ভেন্যু হিসেবে অ্যাক্রেডিটেশন ছিল এখন তারা তো আবার রি-ইন্সপেকশন করে তারপরে আবার রি-অ্যাক্রেডিটেশন দিবে সেই ক্ষেত্রে এখানেও কিন্তু সেনসিটিভ ইস্যু সেটাকে মাথায় রেখে সংস্কার কাজ করতে হবে।’ আগামী দুই বছরের মধ্যে এখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের লক্ষ্যে গত সপ্তাহে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা হয়। বর্তমানে ভেন্যুটিতে কেবল জাতীয় ক্রিকেট লীগের খেলা চলছে। আইসিসির নিয়ম মেনে ম্যাচ আয়োজন করতে বগুড়ায় বেশ কিছু কাঠামোগত জটিলতা রয়েছে। দল ও কর্মীদের থাকার জন্য শহরে হোটেলের অভাব প্রকট।
যাতায়াতের জন্য কোনো বাণিজ্যিক বিমানবন্দর নেই। বিমানবাহিনীর একটি বিমানবন্দর থাকলেও তা ব্যবহারে অনুমতির প্রয়োজন পড়ে। ফলে ঢাকা থেকে সড়কপথে ভ্রমণ করে যাতায়াত করা বিদেশি দলগুলোর জন্য কষ্টকর। সমপ্রচার ব্যবস্থার মিডিয়া সেন্টার ড্রেসিংরুম ড্রেনেজ ব্যবস্থা এবং ফ্লাডলাইট সংস্কার সম্পন্ন করাও একটি বড় চ্যালেঞ্জ। বিসিবি ইতোমধ্যে স্টেডিয়ামটির সংস্কারে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ অনুমোদন করেছে। পুরো স্থাপনা ভেঙে নতুন করে বানানোর পরিকল্পনা কর্তৃপক্ষের নেই। দ্রুত লক্ষ্য অর্জনে হাইব্রিড মডেলে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সময়ের সাশ্রয় হবে।
সংস্কার দ্রুত শুরুর বিষয়ে আলোচনা চলছে। আগামী বছরের শুরুতেই দৃশ্যমান পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। অগ্রগতি নিয়ে আসিফ রব্বানী বলেন ‘নানা কঠিন চ্যালেঞ্জ থাকলেও আশাবাদী যদি আমরা ধরেন এই যে আপনারা দেখতে পারবেন যে দৃশ্যমান কাজ শুরু হয়েছে। আমি আশা করছি যে ফার্স্ট কোয়ার্টার অফ নেক্সট ইয়ার কাজ শুরু হলে আমরা যদি সকলের সমন্বয়ে এবং সম্মিলিত প্রচেষ্টায় যদি আমাদের কোঅর্ডিনেশন ঠিক থাকে কাজ এগিয়ে যাবে। আমি আবারও বলছি যে এখানে এনএসসির কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যেহেতু বাজেটটা তারাই দিবে। তারাই এটার মূল ভূমিকায় থাকবেন। এতটুকু আমি নিশ্চিত করতে পারি বিসিবি থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা আমরা করব যেন দ্রুততম সময়ে স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো যায়।’ এরই মধ্যে বগুড়াকে দেশের ক্রীড়াঙ্গনে সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ক্রীড়া অবকাঠামোর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে তৎপরতা চলছে।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সবাই বিষয়টি নিয়ে কাজ করছেন। স্টেডিয়ামটিকে কেন্দ্র করে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় নির্দিষ্ট সময়ের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো সম্ভব বলে জানান রব্বানী। তিনি বলেন ‘আমি বলি যে এটা প্রধানমন্ত্রীর বাড়ি বগুড়ায় তো এখানে আমাদের সবেই ইনিশিয়েটিভ নিচ্ছি, এই বিষয়ে অনেক সোচ্চার। দ্রুততম সময়ে সকলেরই প্রচেষ্টা দৃশ্যমান কাজ শুরু হলে এক বছরের মধ্যেই আমরা একটা পর্যায়ে যেতে পারবো।’ মূলত সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার ক্ষেত্রে জাতীয় ক্রীড়া পরিষদ মূল ভূমিকা পালন করবে। প্রয়োজনীয় বাজেট এই প্রতিষ্ঠান থেকে আসবে। বিসিবি এবং ক্রীড়া পরিষদ একসাথে মিলে কাজ করলে লক্ষ্য অর্জন সহজ হবে। দুই প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা সার্বিক বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন আছে। যদিও উভয় প্রতিষ্ঠানকে আন্তরিক বলে দাবি করেন আসিফ রব্বানী।
তিনি বলেন ‘আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আমিনুল হক ভাই উনি বেশ আন্তরিক উনি বিভিন্ন সময় আমাকে ডেকেছেন বিসিবিকে ডেকেছেন এবং এটাকে ফাস্ট ট্র্যাকে নেয়ার জন্য এটাকে এক্সপেডাইট করার জন্য উনি বেশ আন্তরিক। পাশাপাশি আমাদের বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল ভাই উনিও অনেক আন্তরিক আমার মনে হয় আমাদের এই দুই যে আপনার প্রতিষ্ঠান আমাদের বিসিবি এবং এনএসসি আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি এবং দুই অর্গানাইজেশনই অনেক ইতিবাচক সেই অর্থে আমাদের বিশ্বাস আমরা বেশ দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করতে পারবো।’
