১ হাজার টাকায় মিলবে সেমিফাইনালের টিকিট

১ হাজার টাকায় মিলবে সেমিফাইনালের টিকিট

ফন্ট সাইজ:

সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা শেষে আগামী ১৪ই নভেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ম্যাচ। প্রথম সেমিফাইনালে বিকাল ৩টায় লড়বে ভারত ও ভুটান। আর দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশ রাত সাড়ে আটটায় পাকিস্তানের মুখোমুখি হবে। সেমিফাইনাল ও ফাইনালের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।

এর আগে গ্রুপ পর্বের টিকিটের দাম ৮০০ টাকা রাখা হলেও সেমিফাইনালের জন্য তা বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে। গতকাল দুপুরের পর থেকে অনলাইন প্ল্যাটফর্ম ‘টিকিফাই’-এ টিকিট বিক্রি শুরু হয়। সাফের মার্কেটিং স্বত্ব কেনা প্রতিষ্ঠান টিএসএর প্রধান নির্বাহী সজীব রশিদ জানিয়েছেন, ইতোমধ্যে প্রায় ১১ হাজার টিকিট বিক্রি হয়েছে এবং টিকিটের ভালো চাহিদা রয়েছে। রাত সাড়ে আটটায় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ হওয়ায় দর্শকদের বাড়ি ফেরা নিয়ে চ্যালেঞ্জে পড়তে হতে পারে এছাড়া নির্ধারিত সময়ে খেলা ড্র হলে অতিরিক্ত সময় ও টাইব্রেকার গড়ালে ম্যাচ শেষ হতে রাত ১১টা বেজে যেতে পারে।

একই দিনে দুটি সেমিফাইনাল রাখা প্রসঙ্গে সাফ সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেন, ‘জাতীয় স্টেডিয়ামে ড্রেসিংরুম মাত্র দুটি। একটি ম্যাচ শেষ হওয়ার পর ড্রেসিংরুম ছাড়তে দেরি হয়, ফলে অন্য দলকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতে পারে। সার্বিক দিক বিবেচনা করেই এক দিনেই দুটি সেমিফাইনাল আয়োজনের জন্য এই সময় নির্ধারণ করা হয়েছে।’