পার্থে আজ শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ। একদিকে অভিষেকের অপেক্ষায় মাহলি বিয়ার্ডম্যান, অন্যদিকে একাদশে বিশেষজ্ঞ স্পিনার বাছাই নিয়ে চিন্তায় ইংল্যান্ড। তবে মাঠের বাইরের বিতর্কেই বেশি সরগরম ক্রিকেট অঙ্গন।
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটীয় দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা। তবে এবারের ওয়ানডে সিরিজ শুরুর আগে সেই উত্তাপের বড় অংশ মাঠের বাইরে। উসমান খাজার আত্মজীবনী ঘিরে অস্ট্রেলিয়ান ক্রিকেটে তৈরি হওয়া বিতর্ক এবং প্যাট কামিন্সের সম্ভাব্য বক্তব্য নিয়ে আলোচনা চলছে বেশ জোরেশোরে। এর মধ্যেই শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। অস্ট্রেলিয়ার সেই বিতর্ক প্রসঙ্গে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক বলেন, ‘আমি তখন ওই অস্ট্রেলিয়ান ড্রেসিংরুমে ছিলাম না। আমার বয়স ছিল ১৭ কিংবা ১৮ বছর। তাই এসব বিষয়ে আমি পুরোপুরি অজ্ঞাত ছিলাম।’
তবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজের গুরুত্ব কম নয়। দুই দলই নিজেদের বিশ্বকাপের পরিকল্পনা চূড়ান্ত করার পথে। অস্ট্রেলিয়া খুঁজছে স্টিভ স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েলের অবসরের পর তৈরি হওয়া শূন্যতা পূরণের উপায়। অন্যদিকে পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজে হতাশাজনক ফলের পর নিজেদের গুছিয়ে নেয়ার চ্যালেঞ্জ ইংল্যান্ডের সামনে।
অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ নিশ্চিত করেছেন, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার তরুণ পেসার মাহলি বিয়ার্ডম্যানের ওয়ানডে অভিষেক হচ্ছে এই ম্যাচে। ২১ বছর বয়সী এই পেসারের জন্য এটি বড় সুযোগ। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের অনুপস্থিতিতে তরুণ বোলিং আক্রমণে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পাবেন তিনি।
অজিদের ব্যাটিংয়ের শীর্ষ ছয়জনকে বিশ্বকাপ পরিকল্পনায় প্রায় নিশ্চিত বলেই ইঙ্গিত দিয়েছেন মার্শ। ট্রাভিস হেড, মার্শ, কুপার কনোলি, ম্যাট রেনশ, জশ ইংলিস ও ক্যামেরন গ্রিনকে ঘিরেই সাজানো হচ্ছে দলের ব্যাটিং কাঠামো। মার্শ বলেন, ‘এ দলে দারুণ প্রতিভা রয়েছে। আমাদের তরুণ বোলিং আক্রমণ আছে, আছে প্রচুর শক্তি। সবাই কতোটা ভালোভাবে নিজেদের মেলে ধরতে পারে, সেটিই গুরুত্বপূর্ণ।’
ইংল্যান্ডের চিন্তা অবশ্য স্পিন বিভাগ নিয়ে। লিয়াম ডসন ও আদিল রাশিদের মধ্যে কাকে খেলানো হবে, সেটিই বড় প্রশ্ন। সামপ্রতিক সময়ে রাশিদ প্রথম পছন্দের জায়গা হারালেও প্রস্তুতি ম্যাচে ৩৫ রানে চার উইকেট নিয়ে নিজের দাবি জোরালো করেছেন। দুজনকেই একাদশে রাখার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।
ইংল্যান্ডের জন্য আরেকটি ধাক্কা জ্যাকব বেথেলের অনুপস্থিতি। চোটের কারণে ছিটকে গেছেন পেসার জশ টাংও। দুই দলের লড়াইয়ে নজর থাকবে মার্শ ও জোফরা আর্চারের দিকেও। দক্ষিণ আফ্রিকা সফরে দুর্দান্ত ব্যাটিং করা মার্শ নিজের ঘরের মাঠে নেতৃত্ব দিতে প্রস্তুত। অন্যদিকে বিশ্রামের পর ফিরেছেন আর্চার।
