জাতীয় কুস্তিতে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলো বাংলাদেশ আনসার। গতকাল ৩৭তম জাতীয় সিনিয়র পুরুষ ও ১১তম জাতীয় মহিলা কুস্তি প্রতিযোগিতা ২০২৬-এর পুরুষ ও মহিলা-উভয় বিভাগে দলগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সংস্থাটি। বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় রোলার স্কেটিং কমপ্লেক্স গ্রাউন্ডে এ টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান।
পুরুষ বিভাগে ৫টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক জিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার। সমান ১০টি পদক জিতলেও স্বর্ণ কম থাকায় রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশ সেনাবাহিনীকে। তাদের ঝুলিতে জমা পড়েছে ৩টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ। এ ছাড়া ১টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ৯টি পদক নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহিলা বিভাগেও আনসারের মেয়েদের জয়জয়কার। ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক জিতে চ্যাম্পিয়ন তারা। ৩টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ৯টি পদক নিয়ে এই বিভাগেও রানার্সআপ বাংলাদেশ সেনাবাহিনী। আর ১টি স্বর্ণপদক জিতে তৃতীয় বাংলাদেশ পুলিশ।
