ভুটান ও শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ‘এ’ গ্রুপ সেরা সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পা রাখে বাংলাদেশ। দুই ম্যাচে পাঁচ গোল করার পাশাপাশি ক্লিনশিট বজায় রেখে আত্মবিশ্বাসী লাল-সবুজের দল। তবে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের লড়াইয়ের আগে সতীর্থদের সতর্ক থাকার তাগিদ ডিফেন্সিভ মিডফিল্ডার জামাল ভূঁইয়ার। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বেশি চ্যালেঞ্জিং বলে মনে করছেন তিনি। পল্টনের জাতীয় স্টেডিয়ামে আগামীকাল ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এখন পর্যন্ত সাফের শিরোপার স্বাদ না পাওয়া পাকিস্তান গ্রুপ পর্বে ভারতের কাছে ৩-২ গোলে হারে। তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা। মালদ্বীপকে ৩-০ ব্যবধানে হারিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে পা রাখে।
এ পাকিস্তান দলকে সমীহ করছে বাংলাদেশ। গতকাল এবিজি স্পোর্টস কমপ্লেক্সে জামাল বলেন, ‘(শ্রীলঙ্কার বিপক্ষে) ম্যাচ ভালো ছিল। আমরা চারটা গোল করেছি, এটা একটা ভালো জিনিস। আর আমরা ক্লিনশিট আবারও করেছি, তাই সব মিলিয়ে আমরা সবাই তৃপ্ত এবং খুশি। এখন মনোযোগ পাকিস্তানের বিপক্ষে ম্যাচে। কারণ, আমি মনে করি, পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে ভালো দল।’ ২৩ বছর পর সাফের শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে এখন পর্যন্ত বেশ ফুরফুরে বাংলাদেশ শিবির। তবে টানা ম্যাচ ও ইনজুরির কারণে দল নিয়ে কিছুটা চিন্তিত কোচ টমাস ডুলি। শ্রীলঙ্কা ম্যাচে গোড়ালির টেন্ডনে চোট পেয়ে পুরো সাফ থেকেই ছিটকে গেছেন ডিফেন্ডার সাদ উদ্দিন। এছাড়া বিশ্বনাথ ঘোষ ও তপু বর্মনও পুরোপুরি ফিট নন। এমন পরিস্থিতিতে স্কোয়াডের গভীরতা বাড়ানোর তাগিদ জামালের। তিনি বলেন, ‘পুরো স্কোয়াড দরকার আমাদের। কারণ, গতকাল ম্যাচ ছিল, দুই দিন পর আবার ম্যাচ আছে। আমি মনে করি, আমাদের পুরো স্কোয়াড প্রয়োজন। এখন সাদ উদ্দিন চোট পেয়েছে। অবশ্যই ওইখানে বিকল্প লাগবে। আপনারা দেখেছেন হৃদয় সেন্টার ব্যাক হিসেবে খেলেছে।
তাই, এখন পুরো স্কোয়াড দরকার আমাদের।’ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের অষ্টম মিনিটে শমিত সোমের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির আগে ব্যবধান দ্বিগুন করেন হামজা চৌধুরী। বিরতি থেকে ফিরে ৫৩তম মিনিটে বাম দিক দিয়ে বক্সে ঢুকে তিন ডিফেন্ডারকে ছিটকে দেয়ার পর আরও দুজনের ফাঁক দিয়ে দৃষ্টিনন্দন একটি গোল করেন ফারহান আলী ওয়াহিদ। আর ৮৭ মিনিটে স্কোরশিট ৪-০ করেন রাকিব হোসেন। ম্যাচ শেষে বাংলাদেশের কোচ টমাস ডুলি ফারহানের গোলটি নিয়ে নিজের মুগ্ধতার মুগ্ধতার কথা জানিয়েছিলেন। বাংলাদেশ কোচের মতো জামাল ভূঁইয়ার কণ্ঠেও একই সুর। তিনি বলেন, ‘সম্ভবত জাতীয় স্টেডিয়ামে আমার দেখা সেরা গোলগুলোর একটি (ফারহানের গোলটি)। আমার মনে হয়, হামজার বাইসাইকেল কিক (নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে) আর ফারহানের গোলটি সেরা তিন গোলের মধ্যে অবশ্যই থাকবে।’ বক্সের মধ্যে পায়ের যে কারুকাজ দেখিয়েছেন ফারহান সেটিকে অনেকে মেসি-নেইমারের সঙ্গে তুলনা করা শুরু করে দিয়েছেন। তবে, জামাল সেই তুলনায় গেলেন না। তার চাওয়া, ফারহান নিজের নামে প্রতিষ্ঠিত হোক।
জামাল বলেন,‘আপনারা নিজেরাই বলতেছেন নেইমার, মেসি, লামিনে ইয়ামাল..(যেমন গোল করে, তেমনটা ফারহানের)। আসলে আমি চাই ফারহান ওর নিজের প্রোফাইল বড় করবে। অন্য খেলোয়াড়ের সাথে তুলন করতে হবে না। কারণ যারা বাংলাদেশের সমর্থক আছেন, ওরা সবাই বলে ‘আমার মেসি’, ‘আমার লামিনে ইয়ামাল’। কিন্তু আমি চাই ফারহান নিজের নাম বড় করবে। এটা ফারহান আলীর গোল, আর কারো গোল না, এটা ফারহান আলীর গোল।’ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম খেলতে নামা হামজা চৌধুরী প্রথমবারের মতো নেতৃত্বও দিলেন বাংলাদেশের। দীর্ঘদিন লাল-সবুজের আর্মব্যান্ড ছিল জামালের বাহুতে। অবশ্য সাফের আগে জামালের বদলে তপু বর্মনকে অধিনায়ক করা হয়েছিল। অস্বস্তির কারণে এখনও মাঠে নামা হয়নি তপুর। অধিনায়কত্ব হারানো নিয়ে হতাশা নেই জামালের। বরং হামজার নেতৃত্ব নিয়ে আশাবাদী জামাল। তিনি বলেন, ‘হামজা অধিনায়ক হওয়া ডিজার্ভ করে, উনি ভালো খেলছেন। আর হামজা সম্ভবত বাংলাদেশের সেরা খেলোয়াড়। অবশ্যই সে দলের সবচেয়ে বড় তারকা, দলের সবচেয়ে বড় খেলোয়াড়। আমি হামজাকে নিয়ে ভীষণ খুশি।’
