সড়ক দুর্ঘটনায় গাজীপুরে স্ত্রী সন্তানসহ চিকিৎসকের মৃত্যু

ফন্ট সাইজ:

দেশে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় সাতজনের প্রাণহানি হয়েছে। সবচেয়ে মর্মন্তুদ ঘটনা ঘটেছে গাজীপুরের সখীপুর উড়াল সড়কে। এখানে ডেন্টাল সার্জন মামুন মোটরসাইকেলে চড়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে টাঙ্গাইল যাওয়ার পথে গাড়িচাপায় তিনজনই প্রাণ হারান।

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান: একটি মোটরসাইকেলে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী। সঙ্গে তাদের আট বছরের ছোট্ট সন্তান। ছেলেকে নিয়ে বাবা-মায়ের ছিল আনন্দময় একটি দিনের পরিকল্পনা। গন্তব্য টাঙ্গাইলের মির্জাপুর। কিন্তু সেই যাত্রাই হলো তাদের জীবনের শেষ যাত্রা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর উড়ালসড়কে পেছন থেকে আসা একটি গাড়ির চাপায় মুহূর্তেই শেষ হয়ে যায় একটি সাজানো পরিবার। ঘটনাস্থলেই প্রাণ হারান স্বামী, স্ত্রী ও তাদের আট বছর বয়সী সন্তান। নিহতরা হলেন— ডেন্টাল সার্জন মামুন হোসেন (৩০), তার স্ত্রী শিমু আক্তার এবং তাদের আট বছরের ছেলে আরাফাত ইসলাম শুভ। গাজীপুর মহানগরীর দেওয়ালিয়াবাড়ি এলাকা থেকে তারা মোটরসাইকেলে করে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। উদ্দেশ্য ছিল মির্জাপুরে বেড়াতে যাওয়া। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কোন গাড়ির চাপায় এই দুর্ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। নাওজোড় হাইওয়ে থানার ওসি মঞ্জুর মোর্শেদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি জানান, সুবর্ণচরে মাছবাহী পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হাসান (৪০) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন। গতকাল ভোরে চেয়ারম্যান ঘাট-সোনারপুর সড়কের পরিষ্কার রাস্তার মাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় পিকআপটি সিএনজিকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় সুধারাম থানার পুলিশ পিকআপসহ ঘাতক চালককে আটক করে। নিহত হাসান উপজেলার দক্ষিণ চরমজিদ গ্রামের কালামের বাড়ির মৃত আবুল কালামের ছেলে। চরজব্বার থানার ওসি রফিকুল হাসান জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে থামছেই না মৃত্যুর মিছিল। মঙ্গলবার রাতে মাত্র সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে মহাসড়কের ডুলাহাজারা ও খুটাখালী এলাকায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ নিয়ে মাত্র ৪ দিনে মহাসড়কের চকরিয়া অংশে এক শিশুসহ মোট ৫ জনের প্রাণহানি ঘটলো। মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে রাত ১টার মধ্যে এই দুর্ঘটনা দু’টি ঘটে। নিহতরা হলেন— চকরিয়া উপজেলার বাগানপাড়া এলাকার বাবুল (৫০) একই উপজেলার খুটাখালী এলাকার মিজানুর রহমানের ছেলে রনি (২৮)। মালুমঘাট হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও ডুলাহাজারা বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন ফার্মেসি ব্যবসায়ী বাবুল। রাত সাড়ে ৯টার দিকে তিনি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা কলেজ গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বা পেছন থেকে অজ্ঞাতনামা একটি দ্রুতগামী গাড়ি তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে, প্রথম দুর্ঘটনার মাত্র সাড়ে তিন ঘণ্টা পর মঙ্গলবার রাত ১টার দিকে মহাসড়কের খুটাখালী বাজার এলাকায় দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী ‘সৌদিয়া পরিবহন’-এর একটি বেপরোয়াগতির যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহী রনিকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান রনি।

ঝিনাইদহ প্রতিনিধি জানান: বান্ধবীর সঙ্গে ঘুরতে এসে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গা পৌর ছাত্রদল নেতা সৌরভ হোসেন (২৮) নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ার ব্যবসায়ী আসলাম হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মোটরসাইকেলে চড়ে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়ক দিয়ে যাচ্ছিলেন সৌরভ ও তার বান্ধবী রিয়া খাতুন। পথিমধ্যে হলিধানী ভেটেরিনারি কলেজের সামনে পৌঁছালে সড়কে থাকা একটি স্পিড ব্রেকার আকস্মিকভাবে সামনে পড়লে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে। এতে সৌরভ ও রিয়া উভয়েই মারাত্মক আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত রিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রিয়া চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা। ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।