ওই রাতে রাতারগুলে পুলিশও গিয়েছিল

রণজিতের সমাবেশ

ওই রাতে রাতারগুলে পুলিশও গিয়েছিল

ফন্ট সাইজ:

সিলেটের রাতারগুল। নির্জন একটি জলাবন। কয়েক বছর আগেও রাতারগুলে যাতায়াত ছিল সংকোচিত। জলাবন আবিষ্কৃত হওয়ার পর যাতায়াত বেড়েছে। যোগাযোগও আগের চেয়ে উন্নত। এখন যাত্রীবাহী বাসও যায়। রাতারগুলকে কেন্দ্র করে পর্যটন ব্যবসা গড়ে উঠেছে। কয়েকটি পিকনিক স্পট গড়ে তোলা হয়েছে। এর মধ্যে একটি সোহেল রিসোর্ট।

রোববার রাতে ওই পিকনিক স্পটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সমাবেশ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতা ও সাবেক এমপি রণজিত সরকার। ২ দিনের তদন্ত শেষে মঙ্গলবার সন্ধ্যায় সমাবেশ স্থান রাতারগুলোর সত্যতা নিশ্চিত হন সুনামগঞ্জের ওসি এবিএম জাকির হোসেন। গ্রেপ্তার হওয়া তারা মিয়ার কাছ থেকে মিলে তথ্য। দেশ জুড়ে এখন নতুনভাবে আলোচিত রাতারগুল। টক অব দ্য কান্ট্রি সোহেল রিসোর্ট। রাতারগুলের সোহেল রিসোর্টে সমাবেশের খবর নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার রাত থেকে সক্রিয় হয়েছে গোয়াইনঘাট থানা পুলিশ। রাতে ওসির নেতৃত্বে সোহেল রিসোর্টে অভিযান চালানো হয়। কয়েক ঘণ্টার অভিযানের সময় ব্যাপক তল্লাশি করা হলেও পুলিশ উল্লেখযোগ্য কিছু পায়নি। তবে পুলিশ রাত থেকে এ রিসোর্টের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

গতকাল সকাল থেকে তালা ঝুলছে সোহেল রিসোর্টের প্রধান ফটকে। পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে আইনি ব্যবস্থা। রাতারগুলে রণজিতের সমাবেশে খবর প্রকাশ পাওয়ার পর গোয়াইনঘাটে চলছে নানা নাটকীয়তা। চাপের মুখে পড়েছেন ওসি ওমর ফারুক। রাতেই তার থানার সামনে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এ সময় তারা সমাবেশের বিষয়ে ওসির সম্পৃক্ততারও অভিযোগ তোলেন। মধ্যরাত পর্যন্ত গোয়াইনঘাট থানার সামনেই এ বিক্ষোভ হয়। জাফলং, বিছনাকান্দি, আড়কান্দি এলাকায় নির্বিচারে পাথর ও বালু লুটের ঘটনা ওসির বিরুদ্ধে ক্ষুব্ধ রয়েছেন সরকার দলের একাংশের নেতারা। তারা রণজিতের সমাবেশের ঘটনাকে কেন্দ্র করে থানার সামনে এ বিক্ষোভ করেন।

এদিকে রাতারগুলে রণজিতের সমাবেশের পর প্রশাসনের টার্গেটে রয়েছেন স্থানীয় নেতারা। পুলিশ জানিয়েছে, জৈন্তাপুরের হরিপুর ও গোয়াইনঘাটে স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতা ঘটনা সম্পর্কে অবগত ছিলেন। তবে অনেকেই সমাবেশে যাননি। তারা সমাবেশের দিন থেকেই এলাকায় নেই। অনেকেরই মোবাইল ফোন বন্ধ। রণজিতের সমাবেশে জৈন্তাপুরের কয়েকজন সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতার উপস্থিতি ভাইরাল ভিডিওতে দেখা গেছে। তারাও গা-ঢাকা দিয়েছেন। এদিকে ঘটনায় বিভ্রান্ত ছড়াচ্ছেন রণজিত সরকার নিজেই। তিনি বর্তমানে দেশে অবস্থান করছেন লন্ডনভিত্তিক বাঙালি কমিউনিটির এক মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছেন।

তবে সূত্র বলছে; সমাবেশের আয়োজন রণজিত সরকার তার একান্তজন তারা মিয়ার মাধ্যমে সম্পন্ন করেন। রাতারগুল থেকে খুব বেশি দূরের পথ নয় লামাপুঞ্জি সীমান্ত পথ। সন্ধ্যায় ওই পথ দিয়েই তিনি বাংলাদেশে প্রবেশ করেন। বাংলাদেশে ঢুকে তিনি সরাসরি সমাবেশস্থলে চলে আসেন। তার আগেই শিক্ষা সফরের ব্যানার খুলে রণজিতের ব্যানার স্থাপন করা হয়। মুখে মাস্ক পরা রণজিত হঠাৎ করেই মঞ্চে এসে বক্তব্য শুরু করেন। বক্তব্য শেষ করার পর তিনি রাতারগুল ত্যাগ করে পার্শ¦বর্তী জৈন্তাপুর থানায় ঢুকে যান। রোববার ভোর হওয়ার আগেই তিনি সীমান্ত দিয়ে ভারতে পাড়ি দিয়েছেন। এদিকে ঘটনার ব্যাপারে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানিয়েছেন, পুলিশ রাতারগুলের ওই পিকনিক স্পটে অভিযান চালিয়েছে। বর্তমানে স্পটটি তালা দিয়ে রাখা হয়েছে। ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আসামিদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।