কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকায় বড় ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টা পর মারা গেছেন অসুস্থ বাবা। মঙ্গলবার সন্ধ্যায় ছেলে মাহফুজুর রহমান
(২৭) এবং রাত ১১টার দিকে বাবা আবদুল মান্নানের (৫৯) মৃত্যু হয়। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় গোরস্থানে পাশাপাশি কবরে তাদের দাফন করা হয়েছে। মৃত বাবা-ছেলের এমন বিদায়ে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আবদুল মান্নান ও তার ছেলে মাহফুজুর রহমান কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকার বাসিন্দা।
আবদুল মান্নান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কয়েক বছর ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। তার চার ছেলে-মেয়ে। বড় ছেলে মাহফুজুর শহরের একটি ছাপাখানায় কাজ করতেন। প্রায় আট মাস আগে বিয়ে করা মাহফুজুর স্ত্রী ও পরিবারের সঙ্গে একই বাড়িতে থাকতেন। বাবার অসুস্থতা ও পারিবারিক নানা বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় থাকতেন বলে স্বজনেরা জানিয়েছেন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৫ টার দিকে ছাপাখানায় কাজ করার সময় বাড়ি থেকে ফোন করে মাহফুজুরকে জানানো হয়, তার বাবা বেশি অসুস্থ হয়ে পড়েছেন। বাবার অসুস্থতার খবর পাওয়ার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাহফুজুরের সহকর্মী শিপন জানান, বিকালে মাহফুজুর অফিসের চেয়ারে বসে ছিলেন।
এ সময় বাবার অসুস্থতার খবর পেয়ে তিনি চেয়ারের একদিকে হেলে পড়েন। পরে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ছেলের মৃত্যুর খবর জানার পর আরও অসুস্থ হয়ে পড়েন আবদুল মান্নান। মাহফুজুরের মামাতো ভাই ফিরোজ আহমেদ জানান, মঙ্গলবার রাতে ছেলের মরদেহ বাড়িতে নেয়ার খবর আবদুল মান্নানকে জানানো হয়। এরপর তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। রাত ১১টার দিকে বিছানাতেই তার মৃত্যু হয়। চৌড়হাসের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল হক ঘটনাটিকে হৃদয়বিদারক বলে উল্লেখ করেন। তিনি বলেন, মাহফুজুর ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। একইদিনে বাবা-ছেলের মৃত্যুতে পরিবারটি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে।
