এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ওমানের আল আমেরাত একাডেমি মাঠে দু’দলের ম্যাচ শুরু সকাল ১১টায়।
সেমিফাইনালের মহারণে মূল লড়াইটা হতে পারে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের সঙ্গে পাকিস্তানের শক্তিশালী পেস আক্রমণের। পাকিস্তানের বোলিং বিভাগে মোহাম্মদ সায়েম, আলী রাজা ও আব্দুল সুবহানের মতো পেসাররা ছন্দে রয়েছেন। তিন ম্যাচে তাদের শিকার ১৭ উইকেট। অন্যদিকে মালয়েশিয়ার বিপক্ষে পাঁচ উইকেট নেয়া পেসার তাইফুল আলম তামিম বাংলাদেশের বোলিং লাইনের অন্যতম অস্ত্র। এখন পর্যন্ত টুর্নামেন্টের তিন ম্যাচে ১৩ উইকেট নিয়ে যৌথভাবে
সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। ব্যাটিংয়ে ছন্দে রয়েছেন আহসান আল মুমিন। তিন ম্যাচে এক সেঞ্চুরি ও এক ফিফটিতে ১১৭ গড়ে ২৩৪ রান করেছেন তিনি।
টুর্নামেন্টের এবারের আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুমিন। তার পরে রয়েছেন পাকিস্তানের উসমান খান। তিন ম্যাচে তার সংগ্রহ ১৭৪ রান। ওমানের আল আমেরাতের পিচে দিনের শুরুতে পেসাররা বাড়তি বাউন্স ও সুইং পেতে পারেন। সময় গড়ানোর পর উইকেট ব্যাটিং সহায়ক হয়ে ওঠে। দু’দলের শেষ পাঁচ লড়াইয়ে চারটিতে হার বাংলাদেশের। সবমিলিয়ে ৩০ দেখায় ১১টিতে জয় যুব টাইগারদের। একই দিনে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান। দুটি সেমিফাইনালের জয়ী দল আগামী ১৪ নভেম্বর শিরোপা নির্ধারণী ফাইনালে মাঠে নামবে। এর আগে গ্রুপ পর্বে উত্থান-পতনের মধ্য দিয়ে শেষ চার নিশ্চিত করে যুবা টাইগাররা।
গ্রুপ ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরে আসর শুরু করলেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় ফরিদ হাসান ফয়সালের দল। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ২০৫ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেয় তারা। অন্যদিকে, দারুণ ছন্দে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। গ্রুপ ‘এ’-তে সংযুক্ত আরব আমিরাত, ভারত ও নেপালকে হারিয়ে তিন ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে ফারহান ইউসুফের দল।
