চেনা কন্ডিশনে ফেভারিট হিসেবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। তবুও মাঠের লড়াইয়ে নামার আগে সতর্ক প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। বিশেষ করে, টাইগার পেসারদের নিয়ে সতর্ক তিনি। বাংলাদেশের পেসারদের সামলাতে ভালো প্রস্তুতি নিতে চান বাভুমা। দুই টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে গত মঙ্গলবার বিকালে ঢাকা ছাড়েন ১৪ বাংলাদেশি ক্রিকেটার। গতকাল দেশ ছাড়েন আরও দুই ক্রিকেটার ও কয়েকজন কোচিং স্টাফ।
দক্ষিণ আফ্রিকার মাটিতে পেসারদের জন্য বাড়তি সুবিধা থাকবে, সেটি নতুন কিছু নয়। জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নের উইকেটে গতি ও বাউন্স কাজে লাগানোর সুযোগ পাবেন দুই দলের পেসাররা। আর এই কন্ডিশনেই বাংলাদেশের পেসারদের বিপজ্জনক মনে করছেন বাভুমা। নাহিদ রানা না থাকলেও তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলামের মতো পেসারদের নিয়ে বাংলাদেশের বোলিং আক্রমণ যে যথেষ্ট শক্তিশালী, তা ভালোভাবেই জানেন তিনি। বাভুমা বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে আমাদের হাইভেল্ডে খেলতে হবে। এই কন্ডিশনে প্রথমে বোলিং করা কতটা সহায়ক, তা আমাদের জানা আছে। আমার মনে হয়, প্রথমে বোলিং করার ক্ষেত্রে তাদের ভালো কিছু শক্তির জায়গা রয়েছে। তাই ব্যাটিংয়ের দিক থেকে আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখা যাবে না। মানসিকভাবেও কোনো বিষয় বা সুযোগকে হালকাভাবে নেয়া যাবে না।’ শুধু কন্ডিশন কিংবা বাংলাদেশের পেসারদের সামর্থ্য নয়, আধুনিক ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাস্তবতাও মাথায় রাখছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
তার মতে, এখন আর কোনো দলকেই সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। নির্দিষ্ট দিনে নিজেদের সেরাটা দিতে পারলে যেকোনো দলই শক্তিশালী প্রতিপক্ষকে চাপে ফেলে দিতে পারে। তাই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে শতভাগ প্রস্তুতি নিয়েই নামতে চায় প্রোটিয়ারা। বাভুমা বলেন, ‘বর্তমান ক্রিকেটে বিশ্বের কোনো দলকেই সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। যেকোনো দিন যেকোনো দল অন্য দলকে চাপে ফেলতে পারে। তাই আমরা চাই না, অপ্রস্তুত অবস্থায় মাঠে নামতে হোক। বাংলাদেশের বিপক্ষে খেলার সময় এলে আমরা যথাযথ প্রস্তুতি নেব। তবে কোনোভাবেই তাদের হালকাভাবে দেখবো না।’ ২০২৪ সালের অক্টোবরে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে এ ওই সিরিজে খেলতে পারেননি বাভুমা। সেই স্মৃতি মনে করে বাভুমা বিলেন, ‘বাংলাদেশের বিপক্ষে সেই সিরিজটি আমাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দল হিসেবে এবং ব্যক্তিগতভাবেও ওই সিরিজ আমাদের অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে।
দলের অনভিজ্ঞ খেলোয়াড় টনি, কাভেরিমি, ভিয়ান মুল্ডার ও সেন মুথুসামি নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে এবং দলের জন্য দারুণ অবদান রেখেছে।’ সিরিজটিতে নিজে খেলতে না পারলেও সতীর্থদের পারফরম্যান্সে মুগ্ধ ছিলেন প্রোটিয়া অধিনায়ক। বিশেষ করে নেতৃত্ব ও দলের সামগ্রিক পারফরম্যান্সে ইতিবাচক পরিবর্তন দেখেছেন তিনি। বাভুমা বলেন, ‘আমি তখন চোটের কারণে খেলতে পারিনি। তবে ওয়েইন সোস ও এইডেনের পারফরম্যান্স, বিশেষ করে এইডেন যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছে, তা ছিল দারুণ।
আমরা জানি, উপমহাদেশের মাটিতে খেলা কখনোই সহজ নয়। কিন্তু সেখানে গিয়ে আমরা যেভাবে আধিপত্য বিস্তার করা প্রয়োজন ছিল, সেভাবেই খেলেছি। আমার মনে হয়, ওই পারফরম্যান্স দলের মানসিকতায় বড় পরিবর্তন এনেছিল। একই সঙ্গে সেখানে পাওয়া আত্মবিশ্বাস ও ইতিবাচক ধারাবাহিকতা দলের মধ্যে নতুন গতিশীলতা তৈরি করেছিল।’ আগামী ১৫ই নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। এরপর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে সেঞ্চুরিয়নে। দুই ম্যাচের টেস্ট সিরিজের পর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
