২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে আগে থেকে কিছু জানতেন না বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। তবে সতীর্থ উসমান খাজার সাম্প্রতিক দাবির পর ফের আলোচনায় এসেছে সেই বহুল আলোচিত ‘স্যান্ডপেপারগেট’ কাণ্ড। গত মঙ্গলবার সিডনিতে সাংবাদিকদের স্টার্ক বলেন, ‘মাঠে বল পরিবর্তনের জন্য কিছু নিয়ে যাওয়া হচ্ছে- এ বিষয়ে আমরা আগে থেকে কিছুই জানতাম না। কেপটাউনে বড় পর্দায় দৃশ্য দেখার পরই বিষয়টি আমাদের নজরে আসে।’
খাজার আত্মজীবনী ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে দাবি করা হয়েছে, বল রিভার্স সুইং করানোর জন্য বলের আকৃতি পরিবর্তনের পরিকল্পনা সম্পর্কে পুরো দল জানতো। এমনকি কেপটাউনের তৃতীয় টেস্টের আগে গকেবেরহার দ্বিতীয় টেস্টেই বল টেম্পারিং শুরু হয়েছিল বলে দাবি করেন তিনি। স্টার্ক বলেন, গকেবেরহায় বল টেম্পারিংয়ের ঘটনা ঘটেছিল, খাজার আত্মজীবনীতে পড়ার আগে এ বিষয়ে তিনি কিছুই জানতেন না। ২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনা প্রকাশ্যে আসার পর ক্রিকেট অস্ট্রেলিয়া তদন্ত করে। পরে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন শাস্তি দেয়া হয়। অবশ্য খাজার দাবির সঙ্গে একমত পোষণ করেন ওয়ার্নার। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া ভিডিওতে তিনি খাজার বর্ণনাকে শতভাগ সঠিক দাবি করেন। একই সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তকে ত্রুটিপূর্ণ ও তাড়াহুড়ো করে করা বলেও মন্তব্য করেন। খাজার বক্তব্যের পর সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কসহ কয়েকজন ক্রিকেট বিশ্লেষক নতুন করে তদন্তের দাবি তুলেছেন।
তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান টড গ্রিনবার্গ বলেছেন, তদন্ত পুনরায় করার মতো কোনো কারণ তারা দেখছেন না। অস্ট্রেলিয়ার রেডিও স্টেশন এসইএনকে গ্রিনবার্গ বলেন, ‘খাজার বক্তব্যের সঙ্গে অন্য খেলোয়াড়দের দেওয়া বিবৃতির বেশ কিছু পার্থক্য রয়েছে। তবে তদন্তের ফল নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া সন্তুষ্ট এবং তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।’ এদিকে ব্যানক্রফট এ বিষয়ে নতুন করে কোনো মন্তব্য করেননি। তবে ২০২১ সালে দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, স্মিথ ও ওয়ার্নার ছাড়া দলের অন্য খেলোয়াড়েরাও বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে জানতেন। অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সও জানিয়েছেন, খাজার আত্মজীবনী প্রকাশের আগে তার সঙ্গে কথা হয়েছিল। বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন নন বলেও জানান। খাজা কেন আট বছর পর বিষয়টি প্রকাশ্যে আনলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। কেউ কেউ অভিযোগ করেছেন, আত্মজীবনী ‘সাবর’-এর বিক্রি বাড়াতেই তিনি বিষয়টি সামনে এনেছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই অভিযোগ নাকচ করে খাজা বলেন, ‘আমি যথেষ্ট সৌভাগ্যবান, আমার অর্থের প্রয়োজন নেই।’
