ফ্রান্সে জাতীয় ন্যূনতম মজুরি ১ দশমিক ৬ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই মজুরি কার্যকর হবে। এতে পূর্ণকালীন কর্মীদের মাসিক আনুমানিক নিট ন্যূনতম মজুরি বেড়ে দাঁড়াবে ১ হাজার ৫০২ ইউরো। বর্তমানে এই মজুরির পরিমাণ ১ হাজার ৪৭৭ দশমিক ৯৩ ইউরো। ফলে মাসে প্রায় ২৪ ইউরো বেশি পাবেন ন্যূনতম মজুরিতে কর্মরত শ্রমিকেরা।
সোমবার (৯ নভেম্বর) প্যারিসের মাতিনিয়োঁতে শ্রমিক সংগঠন ও নিয়োগকর্তাদের প্রতিনিধিদের সঙ্গে সামাজিক সম্মেলনের পর এ ঘোষণা দেওয়া হয়। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর উপস্থিতিতে শ্রমমন্ত্রী জঁ-পিয়ের ফারান্দু জানান, ন্যূনতম মজুরি বৃদ্ধির হার হবে ১ দশমিক ৬ শতাংশ। এর ফলে মাসিক নিট মজুরি দাঁড়াবে ১ হাজার ৫০১ দশমিক ৬ ইউরো, যা পূর্ণ ইউরোতে হিসাব করে ১ হাজার ৫০২ ইউরো নির্ধারণ করা হয়েছে।
সাধারণত মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে ফ্রান্সে প্রতি বছরের ১ জানুয়ারি ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করা হয়। তবে এবার সেই সময় এগিয়ে এনে ১ ডিসেম্বর থেকে বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। শ্রমমন্ত্রী জানান, প্রস্তাবিত ১ দশমিক ৬ শতাংশ বৃদ্ধির মধ্যে মূল্যস্ফীতির ভিত্তিতে আনুমানিক ১ শতাংশ স্বয়ংক্রিয় সমন্বয় এবং সরকারের পক্ষ থেকে অতিরিক্ত ০ দশমিক ৬ শতাংশ বৃদ্ধির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
সরকারের হিসাব অনুযায়ী, জানুয়ারি, জুন ও ডিসেম্বরের সমন্বয় মিলিয়ে ২০২৬ সালে ন্যূনতম মজুরি মোট ৫ দশমিক ৩ শতাংশ বাড়বে। এতে মাসিক নিট মজুরির পরিমাণ বছরের শুরু থেকে মোট প্রায় ৭৫ ইউরো বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী।
তবে সরকারের ঘোষিত এই বৃদ্ধিতে সন্তুষ্ট নয় দেশটির শ্রমিক সংগঠনগুলো। ফ্রান্সের অন্যতম বৃহৎ শ্রমিক সংগঠন সিএফডিটির সাধারণ সম্পাদক মারিলিজ লেয়োঁ বলেছেন, ঘোষিত বৃদ্ধি সংগঠনটির প্রত্যাশা পূরণ করেনি। সিএফডিটি মাসে ১০০ ইউরো মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছিল। অন্যদিকে সিজিটি শ্রমিক সংগঠন ১০ শতাংশ বৃদ্ধির দাবি জানায়। সংগঠনটির সাধারণ সম্পাদক সোফি বিনে সরকারের ঘোষণাকে অপর্যাপ্ত বলে সমালোচনা করেছেন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সিজিটি আগামী ১৭ নভেম্বর নতুন বিক্ষোভ কর্মসূচির আহ্বান জানিয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মজুরি ও জনসেবার মান নিয়ে ফ্রান্সে চলমান অসন্তোষের মধ্যে সরকারের এই সিদ্ধান্ত এসেছে।
ফ্রান্সে এসএমআইসি নামে পরিচিত জাতীয় ন্যূনতম মজুরি হলো আইন অনুযায়ী কর্মীদের জন্য নির্ধারিত সর্বনিম্ন মজুরি। পূর্ণকালীন ৩৫ ঘণ্টার কর্মসপ্তাহের ভিত্তিতে এর মাসিক পরিমাণ হিসাব করা হয়। সরকারের ঘোষণায় মজুরি বাড়লেও শ্রমিক সংগঠনগুলোর দাবি ও ঘোষিত বৃদ্ধির মধ্যে ব্যবধান রয়ে গেছে।
ফ্রান্সে ১ ডিসেম্বর থেকে ন্যূনতম মজুরি বাড়ছে ১.৬ শতাংশ, মাসে মিলবে ১ হাজার ৫০২ ইউরো
আব্দুল মোমিত (রোমেল), প্যারিস থেকে
অনলাইন
১ ঘন্টা আগে
১০ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬, ৬ঃ৫৫ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
