শেখ হাসিনার পাসপোর্ট ‘আবেদনের’ নেপথ্যে যে কারণ বলছে জামায়াত

শেখ হাসিনার পাসপোর্ট ‘আবেদনের’ নেপথ্যে যে কারণ বলছে জামায়াত

ফন্ট সাইজ:

গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডির আবেদনের নেপথ্যে দুটি কারণ থাকতে পারে বলে মনে করছে বিরোধী দল জামায়াত। সোমবার দলটির প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক ভিডিও বার্তায় বলেন, শেখ হাসিনা কেন পাসপোর্ট ও এনআইডি করতে চাচ্ছে, সেটি এখনো স্পষ্ট নয়। তবে এই আবেদনের পেছনে দুটো কারণ থাকতে পারে। একটা হতে পারে, তিনি দেশে আসার ক্ষেত্রে কৌশল অবলম্বন করছেন, জনগণকে বিভ্রান্ত করছেন। আরেকটি হতে পারে, তিনি যেহেতু নেতা-কর্মীদের ছেড়ে দেশ থেকে পালিয়ে গেছেন, তাঁদের শান্ত করার জন্য এমন কাজ করতে পারেন।

এ ছাড়া তার পদ যাতে ঠিক থাকে, সেটি নিশ্চিত করাও একটি কারণ হতে পারে। তিনি বলেন, শেখ হাসিনা আসবেন না ঘোষণা দিলে ভিন্ন একজনকে দলের নেতা বানানো হতে পারে। জুবায়ের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে গুম, খুন, নির্যাতন করেছে। তিনি দেশের অর্থনীতি, নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করেছে। এ অবস্থায় গণ-অভ্যুত্থানে দলবলসহ পালিয়ে গেছেন। পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েও দেশের মানুষকে শান্তিতে থাকতে দেননি। সেখান থেকে হুমকি দিয়ে যাচ্ছেন। তার দলের নেতা-কর্মীরা জনগণকে উত্তপ্ত করছেন, ভয়-ভীতি দেখাচ্ছেন।

জুবায়ের বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আইনের দাবি হচ্ছে, তিনি দেশে এলে রায় কার্যকর হবে। এ রায় কার্যকর করার দায়িত্ব সরকারের, বিচার বিভাগের। ভারতের সঙ্গে বন্দিবিনিময় বা প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা যায়। তিনি বলেন, শেখ হাসিনার অপরাধের জন্য তাকে আইনের আওতায় আনতে হবে এবং শাস্তি ভোগ করতে হবে। এটা করতে না পারলে সরকার ব্যর্থ প্রমাণিত হবে। এতে জনগণের ক্ষোভ আরও বাড়বে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও রায় কার্যকরে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে একধরনের ঐক্য আছে উল্লেখ করে জুবায়ের বলেন, ফ্যাসিবাদ যাতে ফিরে না আসতে পারে, সে জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে।