শর্ত পাম অয়েল ইন্ডাস্ট্রি যান্ত্রিকীকরণ: পাম ফল সংগ্রহে বিদেশি শ্রমিক নিয়োগে সম্মতি আনোয়ার ইব্রাহিমের

ফন্ট সাইজ:

মালয়েশিয়ার পাম অয়েল শিল্পে শ্রমিক সংকট মোকাবিলায় পাম ফল সংগ্রহের কাজে বিদেশি শ্রমিক নিয়োগের অনুমতি দেওয়ার বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ ইন্ডাস্ট্রির যান্ত্রিকীকরণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রতিশ্রুতি দিতে হবে। বিদেশি শ্রমিকের ওপর দীর্ঘমেয়াদি নির্ভরতা কমিয়ে উৎপাদনব্যবস্থাকে আধুনিকায়নের শর্তেই সরকার এ ধরনের নিয়োগের বিষয়টি বিবেচনা করবে বলে জানিয়েছেন তিনি।

দেশটির ম নিউ স্ট্রেইটস টাইমস, মালয় মেইল, ফ্রি মালয়েশিয়া টুডে, অ্যাস্ট্রো আওয়ানি, উতুসান মালয়েশিয়া ও হারিয়ান মেট্রোর পৃথক প্রতিবেদনে জানাগেছে, ১৪তম ‘ফোরাম ইলমুয়ান মালয়েশিয়া মাদানি’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আনোয়ার ইব্রাহিম পাম অয়েল খাতে শ্রমিক সংকটের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, পাম ফল সংগ্রহের মতো গুরুত্বপূর্ণ কাজে পর্যাপ্ত শ্রমিক না থাকায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিদেশি শ্রমিক নিয়োগের আবেদন সরকার ইতিবাচকভাবে বিবেচনা করতে পারে। তবে প্রতিষ্ঠানগুলোকে যন্ত্রপাতি ও আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে শ্রমিকনির্ভরতা কমানোর সুস্পষ্ট পরিকল্পনা দেখাতে হবে।

পাশাপাশি, আনোয়ার ইব্রাহিম বলেন, বড় বড় পাম অয়েল কোম্পানি বিপুল মুনাফা অর্জন করলেও উৎপাদনব্যবস্থার আধুনিকায়নে পর্যাপ্ত বিনিয়োগ করছে না। তিনি একটি প্রতিষ্ঠানের উদাহরণ দিয়ে বলেন, কোম্পানিটি এক বিলিয়ন রিঙ্গিত মুনাফা করলেও শ্রমিকদের মাসিক বেতন মাত্র ২০ রিঙ্গিত বাড়ানোর বিষয়ে আপত্তি জানিয়েছিল। তাঁর মতে, শিল্পের মুনাফা বৃদ্ধির পাশাপাশি শ্রমিকদের ন্যায্য মজুরি ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করাও জরুরি। প্রয়োজনে বড় বাগানগুলোতে বিভিন্ন কাজের মধ্যে শ্রমিক পুনর্বণ্টনের বিষয়টিও বিবেচনা করা যেতে পারে।

বিদেশি শ্রমিকদের আবাসন, বেতন ও পাসপোর্ট নিয়ে হয়রানির বিষয়েও কঠোর অবস্থান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, কিছু প্রতিষ্ঠানে বিদেশি শ্রমিকদের অমানবিক পরিবেশে রাখা হয়, যা আধুনিক দাসত্বের শামিল। নিয়োগ এজেন্টদের অতিরিক্ত অর্থ আদায়, শ্রমিকদের বেতন আটকে রাখা এবং পাসপোর্ট জব্দ করার মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শ্রমিকদের নিয়োগ ব্যয় যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করছে সরকার বলে জানিয়েছে দেশটির প্রায় সবকটি মিডিয়া।