ধর্ষণ, যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের কারাদণ্ড

ধর্ষণ, যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের কারাদণ্ড

ফন্ট সাইজ:

একসময় বৃটেনের অন্যতম জনপ্রিয় সম্প্রচারক ও হলিউড তারকা ছিলেন কমেডিয়ান রাসেল ব্র্যান্ড। প্রায় দুই দশক আগে এক নারীকে ধর্ষণ এবং আরও তিন নারীকে যৌন নিপীড়নের দায়ে সোমবার তাকে সাড়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। যুক্তরাষ্ট্রের পপ সংগীতশিল্পী কেটি পেরির সাবেক স্বামী রাসেল ব্র্যান্ড। সাম্প্রতিক বছরগুলোতে মূলধারার বিনোদনজগৎ থেকে সরে এসেছিলেন তিনি। গত বৃহস্পতিবার ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে এক নারীকে ধর্ষণ এবং আরও তিন নারীকে যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত হন তিনি। তবে সব অভিযোগই অস্বীকার করেন ব্র্যান্ড। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, সোমবার লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে বিচারক জোয়েল বেনাথানের সামনে আসামির কাঠগড়ায় দাঁড়ান ৫১ বছর বয়সী ব্র্যান্ড।

বিচারক তাকে ১০ বছর ছয় মাসের কারাদণ্ড দেন। তিনি জানান, মুক্তির পর শর্তসাপেক্ষে ছাড় পাওয়ার আগে ব্র্যান্ডকে তার সাজার দুই-তৃতীয়াংশ সময় কারাগারে থাকতে হবে। ব্র্যান্ডকে উদ্দেশ করে বিচারক বেনাথান বলেন, তিনি একজন যৌন শিকারি। তার বিশ্বাস ছিল, খ্যাতি থাকলে আপনি যখন খুশি, যেভাবে খুশি আচরণ করতে পারবেন। সমাজের ভদ্র মানুষরা যে নিয়ম মেনে চলেন, সেসব নিয়মের কোনো বাধা আপনাকে মানতে হবে না।
কারাগারে নিয়ে যাওয়ার আগে ব্র্যান্ডকে তার স্ত্রীকে মুখে ‘আমি তোমাকে ভালোবাসি’ বলতে দেখা যায়। এরপর আদালতের কর্মকর্তারা তাকে কাঠগড়া থেকে বের করে কারাগারের প্রকোষ্ঠে নিয়ে যান। এর আগে ব্র্যান্ডের এক ভুক্তভোগী, যাকে ২০০৯ সালে তিনি পায়ুপথে ধর্ষণ করেছিলেন, তার বক্তব্য আদালতে পড়ে শোনান সরকারি কৌঁসুলিরা। ওই নারী বিবৃতিতে বলেন, ওই হামলার মানসিক আঘাত এমন একটি বিষয়, যা আমি প্রতিদিন নিজের সঙ্গে বয়ে বেড়াই। প্রায়ই মনে হয়, এই যন্ত্রণা কখনো শেষ হবে না।

ব্র্যান্ডের আইনজীবী ইয়ান উইন্টার বলেন, মদ ও মাদকাসক্তি থেকে পুনরুদ্ধার এবং নতুন করে খ্রিষ্টধর্মে বিশ্বাস স্থাপন নিয়ে দীর্ঘদিন ধরে কথা বলে আসা ব্র্যান্ড এখন ‘মৌলিকভাবে একজন ভিন্ন মানুষ’। তিনি বলেন, আজ তিনি সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ। দীর্ঘদিন ধরেই তিনি এমন। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ব্র্যান্ডের বিরুদ্ধে আরও দুটি ধর্ষণের অভিযোগে তদন্ত চলছে। এর মধ্যে একটি ঘটনায় অভিযোগকারী ছিলেন তখনকার ১৬ বছর বয়সী এক কিশোরী। শুক্রবার পুলিশ বাহিনীর প্রধান বলেছেন, ব্র্যান্ডের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ সামনে এলে তিনি অবাক হবেন না। ‘ফরগেটিং সারাহ মার্শাল’, ‘গেট হিম টু দ্য গ্রিক’ এবং ‘আর্থার’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন ব্র্যান্ড। সম্মতিবিহীন যৌন সম্পর্কের অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করেছেন। তবে ধর্ষণের আরও দুটি অভিযোগ এবং একটি অনৈতিক যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ থেকে তাকে খালাস দেয়া হয়েছে।