সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর ও সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালিক কাব্য মারান এ সপ্তাহে গ্রিসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।
বহুল প্রতীক্ষিত বিয়ের অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে নানা আয়োজন। এতে যোগ দিতে গ্রিসের উদ্দেশে রওনা হওয়া বেশ কয়েকজন বিশিষ্ট তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্বকে বিমানবন্দরে দেখা গেছে। তাদের মধ্যে রয়েছেন তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। বিমানবন্দরে তাকে ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিতে দেখা যায়। সুপারস্টার রজনীকান্তকেও পরিবারের সদস্যদের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গ্রিসের উদ্দেশে যাত্রা করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবি ও ভিডিওতে অতিথিদের বিমানবন্দরে উপস্থিত হতে দেখা যায়। চলচ্চিত্র ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি বিয়ের অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ধারণা করা হচ্ছে, এই বিয়েতে তারকাদের ব্যাপক সমাগম ঘটবে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
অনিরুদ্ধ রবিচন্দর ও কাব্য মারান নভেম্বরে বিয়ে করছেন। কাব্য আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সান টিভি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক। তিনি সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারানের মেয়ে। প্রতিবেদন অনুযায়ী, ১০ ও ১১ নভেম্বর গ্রিসে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আয়োজন করা হচ্ছে। এরপর ২১ নভেম্বর চেন্নাইয়ে হবে বিবাহোত্তর সংবর্ধনা। চেন্নাইয়ের সংবর্ধনার তারিখটি গত অক্টোবরে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে। কাব্যর বাবা-মা কালানিধি মারান ও কাবেরী মারান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডির সঙ্গে সাক্ষাৎ করে তাকে ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে আমন্ত্রণ জানান।
এদিকে বিয়ের উৎসবের প্রস্তুতি আগে থেকেই শুরু হয়েছে। আমন্ত্রণের বাক্সটিও নজর কেড়েছে। আইভরি ও হালকা নীল রঙে তৈরি এই আমন্ত্রণ বাক্সের নকশা নিয়ে আলোচনা হচ্ছে। সংবর্ধনার আমন্ত্রণপত্র তৈরির সঙ্গে যুক্ত ডিজাইনার রঞ্জিনী আইয়েঙ্গা জানিয়েছেন, আমন্ত্রণপত্রের নকশা তৈরির প্রক্রিয়ায় অনিরুদ্ধ ও কাব্য নিজেরাও সরাসরি যুক্ত ছিলেন। বিয়ের সংবর্ধনায় বিনোদন, ক্রিকেট, ব্যবসা ও রাজনীতির জগতের বহু বিশিষ্ট ব্যক্তির উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় এবং চলচ্চিত্র জগতের একাধিক শীর্ষস্থানীয় ব্যক্তিত্বকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
