জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে আইগনারকে মনোনয়নের ঘোষণা মের্ৎসের

জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে আইগনারকে মনোনয়নের ঘোষণা মের্ৎসের

ফন্ট সাইজ:

জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎস বাভারিয়ান রাজনীতিবিদ ইলসে আইগনারকে দেশের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেবেন। এর ফলে তিনি জার্মানির প্রথম নারী রাষ্ট্রপ্রধান হতে যাচ্ছেন। রোববার মধ্য-ডানপন্থি ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতাদের এক নৈশভোজে মের্ৎস এই ঘোষণা দেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

ইলসে আইগনার বাভারিয়ান রাজ্য পার্লামেন্টের স্পিকার। তিনি সিডিইউ-এর সহযোগী দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) সদস্য। সোমবার সিডিইউ এবং সিএসইউ-এর বৈঠকে তার মনোনয়ন নিশ্চিত হলে, তিনি প্রায় নিশ্চিতভাবেই আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হবেন। জার্মানির রাজনৈতিক চর্চা অনুযায়ী, জোটের দলগুলোকে একজন সাধারণ প্রার্থীর বিষয়ে একমত হতে হয়। বর্তমান ক্ষমতাসীন জোটটি সিডিইউ, সিএসইউ এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) নিয়ে গঠিত। এসপিডি প্রেসিডেন্ট হিসেবে আইগনারের প্রতি বেশ কয়েকবার তাদের সমর্থন প্রকাশ করেছে।

আগামী ৩০ জানুয়ারি জার্মানির ফেডারেল কনভেনশন বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টেইনমায়ারের উত্তরসূরি নির্বাচন করবে। প্রেসিডেন্ট নির্বাচনের জন্যই কেবল এই কনভেনশন ডাকা হয়। সোশ্যাল ডেমোক্রেট দলের নেতা স্টেইনমায়ার ২০১৭ সালে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৭ সালের মার্চ মাসে তার পাঁচ বছর মেয়াদি দুই মেয়াদের সীমা শেষ হবে। জার্মানির প্রেসিডেন্টের পদটি মূলত আলংকারিক। তিনি বিলে স্বাক্ষর করে আইনে পরিণত করেন এবং আনুষ্ঠানিকভাবে মন্ত্রীদের নিয়োগ দেন। তবে প্রেসিডেন্ট দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে একজন নিরপেক্ষ বিচারক হিসেবে ভূমিকা পালন করেন এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে কাজ করেন।

চলতি বছরের শুরুতে সিএসইউ আইগনারের নাম প্রস্তাব করেছিল। তবে মের্ৎস বিকল্প প্রার্থীদের কথা বিবেচনা করায় সিডিইউ তাকে সমর্থন দিতে দেরি করে। এর ফলে দলগুলোর মধ্যে সম্পর্কের কিছুটা টানাপোড়েন তৈরি হয়। ৬১ বছর বয়সী আইগনার স্থানীয় রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। এরপর ১৯৯৮ সালে তিনি ফেডারেল পার্লামেন্টে নির্বাচিত হন। সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের অধীনে তিনি কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি নিজ রাজ্য বাভারিয়ায় ফিরে যান এবং ২০১৮ সালে সেখানকার রাজ্য পার্লামেন্টের স্পিকার হন।