শিক্ষার্থীদের মেধা বিকাশ ও স্বীকৃতির লক্ষ্যে ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন আয়োজিত সপ্তম ‘মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ ঢাকা ও নোয়াখালীতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ৬ই নভেম্বর ঢাকায় এবং ৭ নভেম্বর নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিলে পরীক্ষা নেয়া হয়। দুই দিনের এই আয়োজনে ২০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩ হাজার শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন ছিল প্রাণবন্ত।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা ক্যাপ্টেন এ. কে. এম. গোলাম কিব্রীয়ার স্বপ্ন থেকেই মেধাবৃত্তি পরীক্ষার সূচনা। শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানো এবং তাদের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল ভাবনা। সেই স্বপ্নকে সামনে রেখে প্রতি বছর এই আয়োজন করা হচ্ছে, যা এবার সপ্তম আসরে পৌঁছেছে।
ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হয় রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ কেন্দ্রে। নোয়াখালীতে সোনাইমুড়ী ও চাটখিলের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা হয়। সোনাইমুড়ী কেন্দ্রে পরীক্ষা চলাকালে ফাউন্ডেশনের উপদেষ্টা গোলাম মর্তুজা (সিআইপি) ও গোলাম মাওলা উপস্থিত ছিলেন। তারা পরীক্ষার পরিবেশ ঘুরে দেখেন এবং পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই পরীক্ষা ছিল মোট ১০০ নম্বরের। নম্বর বণ্টন ছিল বাংলা ৩০, ইংরেজি ৩০, গণিত ৩০ ও সাধারণ জ্ঞান ১০। প্রশ্ন প্রণয়ন করা হয়েছে ২০২৬ সালের অষ্টম শ্রেণির এনসিটিবি নির্ধারিত পাঠ্যবই অনুসারে। সাধারণ জ্ঞানের প্রশ্ন অষ্টম শ্রেণির ‘বিজ্ঞান’ এবং ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ের আলোকে করা হয়। বাংলা ও ইংরেজি উভয় ভার্সনের শিক্ষার্থীদের জন্য উপযুক্ত প্রশ্ন প্রণয়ন করা হয়েছে।
মেধাবী শিক্ষার্থীদের জন্য ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ’ দুটি ক্যাটাগরিতে বৃত্তির সুযোগ রাখা হয়েছে। এর পাশাপাশি ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ড থেকে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে বিশেষ বৃত্তি দেয়া হবে। পরীক্ষার ফলাফল পরবর্তীতে ঘোষণা করা হবে। প্রতিটি বিদ্যালয়ে ফলাফলের কপি পাঠানো হবে এবং বৃত্তিপ্রাপ্তদের আনুষ্ঠানিকভাবে বৃত্তি ও সনদ প্রদান করা হবে।
ফাউন্ডেশনের উপদেষ্টা গোলাম মর্তুজা (সিআইপি) বলেন, আমরা সবসময়ই শিক্ষার্থীদের শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য কাজ করে থাকি, ভবিষ্যতে এই কার্যক্রম আরও অব্যাহত থাকবে।
আয়োজকেরা পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং কেন্দ্র হিসেবে সহযোগিতা করা প্রতিষ্ঠানগুলোকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী, দলনিরপেক্ষ, অসাম্প্রদায়িক ও মানবিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান। শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, দক্ষতা উন্নয়ন, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন খাতে প্রতিষ্ঠানটি কাজ করছে। ‘সহায়তা নয়, সক্ষমতা সৃষ্টি; দান নয়, মর্যাদাপূর্ণ জীবন গড়ার সুযোগ তৈরি’ এই দর্শনকে সামনে রেখে ফাউন্ডেশন ‘ফাইভ জিরো ক্যাম্পেইন’ বাস্তবায়ন করছে। এর লক্ষ্য শূন্য ভিক্ষুক, শূন্য নিরক্ষরতা, শূন্য গৃহহীনতা, শূন্য অদক্ষতা ও শূন্য চিকিৎসাহীন মৃত্যু।
