পাকিস্তানের টেলিভিশন উপস্থাপিকা রাবিয়া আহসানকে রাওয়ালপিন্ডিতে নিজের বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্বামী আহসান তাহিরকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা একটি অস্ত্রও জব্দ করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এফআইআরের অনুলিপি অনুযায়ী, ৪১ বছর বয়সী রাবিয়াকে রোববার বিকেল ৩টার দিকে তার শয়নকক্ষে গুলি করে হত্যা করা হয়। ঘটনার সময় তার সঙ্গে একই বাড়িতে বসবাসকারী মা ও বোন বাড়ির লনে ছিলেন। গুলির শব্দ শুনে রাবিয়ার বোন আলভিনা দ্রুত শয়নকক্ষে ছুটে যান। সেখানে তিনি রাবিয়াকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় তার স্বামীকে হাতে একটি পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রাথমিক শারীরিক পরীক্ষা চালায়। এতে রাবিয়ার গলার নিচে একটি গুলির ক্ষত এবং পিঠের ডান পাশে আরেকটি ক্ষত পাওয়া যায়। পাঞ্জাব ফরেনসিক সায়েন্স অথরিটি (পিএফএসএ) ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র হিসেবে সন্দেহ করা একটি ০.৩০ বোরের পিস্তল ও গুলি উদ্ধার করেছে।
ডন জানিয়েছে, রাবিয়ার বাড়িতে কর্মরত এক পুরুষ গৃহকর্মী পুলিশকে জানান, তাহির দাবি করেন, অসাবধানতাবশত গুলি ছুটে গেছে। জিজ্ঞাসাবাদের সময় তাহির পিস্তলটির বৈধ লাইসেন্স বা অনুমতিপত্র দেখাতে পারেননি। তার দেয়া বক্তব্য এবং ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতির ভিত্তিতে পাকিস্তান পেনাল কোডের (পিপিসি) ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো-জারদারি রাবিয়ার হত্যাকাণ্ডে ‘গভীর শোক’ প্রকাশ করেছেন এবং সহিংসতার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।
প্রেসিডেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে, ফার্স্ট লেডি সাংবাদিক রাবিয়া আহসানের হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন এবং সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে তিনি পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন।
