নিরাপত্তাজনিত কারণে সাময়িক বন্ধ ছিল ফার্মগেট মেট্রো স্টেশন

নিরাপত্তাজনিত কারণে সাময়িক বন্ধ ছিল ফার্মগেট মেট্রো স্টেশন

ফন্ট সাইজ:

রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয় স্টেশনটি। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সোমবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পুনরায় স্টেশনের স্বাভাবিক কার্যক্রম চালু করা হয়। বর্তমানে যাত্রীরা নিরবচ্ছিন্নভাবে স্টেশনে প্রবেশ ও বের হতে পারছেন। সোমবার সন্ধ্যায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র থেকে এ তথ্য জানিয়েছে।

ডিএমটিসিএল সূত্রে জানায়, অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটার পরপরই যাত্রী নিরাপত্তার কথা বিবেচনায় রেখে কিছু সময়ের জন্য স্টেশনটি বন্ধ রাখা হয়েছিল। পরে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তা আবার চালু করা হয়।
এর আগে আজ সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সোমবার সন্ধ্যা ৭টার দিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে থেমে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়।