সিলেটে ৫ দফা দাবিতে সিএনজি পরিবহন মালিক শ্রমিকদের সমাবেশ

ফন্ট সাইজ:

সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ বলেছেন, বর্তমানে প্রশাসন পরিবহন শ্রমিকদের ওপর এক ধরনের নির্যাতন শুরু করেছে। সড়কে গাড়ি নিয়ে বের হলেই বিভিন্ন অজুহাত দেখিয়ে মামলা দিয়ে হয়রানি শুরু করেছে। এক চালক সকাল থেকে রাত পর্যন্ত গাড়ি চালিয়ে ১০০০ থেকে ১৫০০ টাকা রুজি করেন। অথচ পুলিশ একটি মামলা জরিমানা করেন ৫০০০ থেকে ১০০০০ হাজার টাকা। এই হয়রানি ও ৫ দফা দাবি না মানলে পরিবহন শ্রমিকরা রাজপথে নামতে বাধ্য হবে। তিনি আরও বলেন, আগামী ১৫ই নভেম্বরের মধ্যে ৫ দফা দাবি না মানলে ১৬ই নভেম্বর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করা হবে।

সোমবার দুপুর ২টায় দক্ষিণ সুরমার চণ্ডীপুলস্থ একটি কমিউনিটি সেন্টারে পাঁচদফা দাবি বাস্তবায়নের দাবিতে আয়োজিত মালিক-শ্রমিক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতি, সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এবং সিলেট জেলা অটোটেম্পো, অটোরিকশা চালক জোটের সমন্বয়ে গঠিত মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ এ সমাবেশের আয়োজন করা হয়। সিলেট জেলা সিএনজিচালিত অটোটেম্পু মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও রাজা আহমদ এবং এম বরকত আলীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা চালক জোটের সভাপতি মতচ্ছির আলী, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জালাল আহমদ, সিলেট জেলা চালক জোটের কার্যকরী সভাপতি মো. দেলোয়ার আহমদ।

সমাবেশ থেকে উত্থাপিত দাবিগুলো হলো, ব্যাটারিচালিত রিকশা ও ই-রিকশার নিবন্ধন নিয়া আলোচনা ও সিদ্ধান্ত। জেলা ও মহানগরীতে চলাচলকারী ইজিবাইক, টমটম, মিশুক এবং ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করা। সিলেটের শোরুম থেকে ক্রয়কৃত সিএনজিচালিত অটোরিকশার রেজিস্ট্রেশন দিতে হবে এবং পুলিশ ডিউটি পালনকালে জ্বালানি ও চালকের খোরাকি দিতে হবে। সিলেট জেলা ও মহানগরীতে সিএনজিচালিত অটোরিকশার পর্যাপ্ত পার্কিং স্থান দিতে হবে। ট্রাফিক পুলিশের হয়রানিমূলক মামলা ও ট্রাফিক অফিসারের হয়রানি বন্ধ করতে হবে এবং বিআরটিএ সিলেটের হয়রানি বন্ধ করতে হবে।