লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। গতকাল দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের চরচামিতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বাবুল হোসেন (৬০), বাসের হেলপার আসিকুর রহমান (২৫) ও মনছুরা বেগম (৩১)। তবে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এখন পর্যন্ত ১৫ জনকে সদর হাসপাতাল ও ৫ জনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আবদুর রহমান, রিয়াজ উদ্দিন ও সুমন হোসেনসহ ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বেলা ১১টার দিকে আনন্দ পরিবহন নামে একটি বাস ৩০-৩৫ জন যাত্রী নিয়ে চৌমুহনী বাস টার্মিনাল থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে।
এ সময় চন্দ্রগঞ্জের চরমচামিতা বাজার এলাকায় বাসটি পৌঁছালে হঠাৎ গর্তে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চন্দ্রগঞ্জের লতিফপুর এলাকার নুর মোহাম্মদের ছেলে বাবুল মিয়া ও অজ্ঞাত এক পুরুষ ও এক নারী নিহত হন। আহত হয় আরও ২০ জন। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে বেপরোয়া গতি ও রাস্তার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয়রা। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আদেল আকবর ও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের চিকিৎসা চলছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।
