ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের অধীনে ১৫৫টি শূন্যপদে জনবল নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে থমকে আছে। ফলে মন্ত্রণালয় পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ ছাড় করছে না। এতে ২০১৮ সাল থেকে সর্বশেষ ২০২৫ সাল পর্যন্ত অপেক্ষমাণ ৫৪ হাজার চাকরিপ্রত্যাশী বেকার যুবকের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। জানা যায়, স্বাস্থ্য বিভাগের এই ১৫৫টি পদের বিপরীতে ২০১৮, ২০২৩ এবং সর্বশেষ ২০২৫ সালের ৩১শে জুলাই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে পরিসংখ্যানবিদ ৩টি, অফিস সহকারী ৭টি, স্টোরকিপার ৫টি, স্বাস্থ্য সহকারী ১৩৫টি এবং ল্যাব এটেনডেন্ট পদে ৫টি শূন্যপদ রয়েছে। দীর্ঘদিন ধরে নিয়োগ কার্যক্রম বন্ধ থাকায় মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে খাতা মূল্যায়ন, শিক্ষক ও পুলিশ ডিউটি, স্টেশনারি দ্রব্য ক্রয়সহ মোট ১২টি খাতে ১ কোটি ৫১ লাখ ৬৫ হাজার টাকার বরাদ্দ চেয়ে খুলনা স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মোশাররফ হোসেনের দপ্তরে চিঠি পাঠানো হয়। গত ৭ বছরে অসংখ্যবার এবং বর্তমান সরকারের আমলে ৭ থেকে ৮ দফা চিঠি পাঠানো হয়েছে। সর্বশেষ ২০২৬ সালের ১৫ই অক্টোবর ২০৯৮ নং স্মারকে নিয়োগ পরীক্ষার প্রয়োজনীয় বরাদ্দের জন্য বার বার চিঠি পাঠানো হলেও স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয় থেকে কোনো অর্থ ছাড় করা হচ্ছে না।
অভিযোগ উঠেছে, মন্ত্রণালয় থেকে টেলিফোন করে বরাদ্দের ১০ শতাংশ ঘুষ দাবি করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের প্রশ্ন মন্ত্রণালয়ের এই আবদারের টাকা আসলে কে দিবে? ঘুষের দাবি না মেটানোর কারণেই মূলত অর্থ ছাড় করা হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা। নিয়োগের বিষয়ে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মোশাররফ হোসেন জানান, বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও ডিজি কাজ করছে। চিঠিও দেয়া হয়েছে। কিন্তু কেন দেরি হচ্ছে তা খতিয়ে দেখা হবে। এ সরকারের সময় যদি বরাদ্দ আনতে মন্ত্রণালয়ের আবদার মেটাতে হয় তাহলে এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে?
স্বাস্থ্য পরিচালক আরও বলেন, অনেক স্বাস্থ্যকর্মী অবসরে গেছেন। এখন কাজ করার মানুষ নেই। ৫০ জনের কাজ ১৫ জনে করছে। তিনি বলেন, যশোরে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজন ৭৪ লাখ, কিন্তু অর্থ দিয়েছে ৪৭ লাখ। এই টাকায় তো নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা যাবে না। ঝিনাইদহ সিভিল সার্জন ডা. কামরুজ্জামান সোহেল জানান, তিনি দায়িত্ব নেয়ার পর থেকে বরাদ্দ চেয়ে একাধিকবার চিঠি দিয়েছেন, কিন্তু কাঙ্ক্ষিত বরাদ্দ মেলেনি। সর্বশেষ গত অক্টোবর মাসের ১৫ তারিখে আবারো পত্র দেয়া হয়েছে।
ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ জানান, দ্রুত বরাদ্দ ছাড়ের জন্য আইনমন্ত্রী আসাদুজ্জামান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়েছেন। আশা করা হচ্ছে, খুব তাড়াতাড়ি এ সমস্যার সুরাহা হবে। এদিকে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার রোববার ঝিনাইদহ সফরকালে গণমাধ্যমকর্মীরা অর্থ বরাদ্দের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, এ বিষয়ে তিনি স্বাস্থ্য ও অর্থ সচিবের সঙ্গে কথা বলে দ্রুত বরাদ্দ আনার ব্যবস্থা করবেন। কারণ যত তাড়াতাড়ি সম্ভব শূন্যপদে নিয়োগ দিয়ে মাঠের স্বাস্থ্য সেবা সমস্যার সমাধান করতে হবে।
