একপাশে প্রমত্তা ধলেশ্বরী নদীর রাক্ষসী গ্রাস, অন্যপাশে আইনি জটিলতার বেড়াজাল— সবমিলিয়ে অনিশ্চয়তার দোলাচলে দাঁড়িয়ে আছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা উচ্চ বিদ্যালয়। নদীভাঙনের ভয় তাড়া করায় বিদ্যালয়টি স্থানান্তরিত হলেও পুরনো ও নতুন ঠিকানার টানাপড়েনে এক অদ্ভুত বাস্তবতার মুখোমুখি এখানকার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
তবে এতসব জটিলতার মাঝেও নতুন পাড়ে গিয়ে প্রাণ ফিরে পেয়েছে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনা। ২০১৫ সালে এলাকার শিক্ষার আলো ছড়ানোর উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় ছনকা উচ্চ বিদ্যালয়। কিন্তু প্রতিষ্ঠার পর থেকেই ধলেশ্বরী নদীর ভাঙন বিদ্যালয়টির জন্য ত্রাস হয়ে দেখা দেয়। নদীর করাল গ্রাসে বিদ্যালয়ের স্থাপনাগুলোর একদম কাছাকাছি চলে আসে স্রোত। শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভবন হারানোর তীব্র আশঙ্কায় পড়ে বিদ্যালয় পরিচালনা কমিটি। অবশেষে সর্বসম্মত সিদ্ধান্তে বিদ্যালয়টি নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়। দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ১২ই ফেব্রুয়ারি নদীর পশ্চিমপাড়ে একই মৌজায় প্রতিষ্ঠানের নিজস্ব ৮২ শতাংশ জমিতে বিদ্যালয় স্থানান্তরের আনুষ্ঠানিক অনুমতি দেয় মন্ত্রণালয়। এরপর ওই বছরের ২৮শে এপ্রিল থেকে নতুন ক্যাম্পাসে পাঠদান শুরু হয়। নতুন ঠিকানায় যখন পড়াশোনা শুরু হয়েছে, তখনই বাধে বিপত্তি।
স্থানীয় একটি মহলের আপত্তি ও ভুল ব্যাখ্যার জেরে ২০২৫ সালের ২০শে মে মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থানান্তরের পূর্বের অনুমতিটি বাতিল করা হয়। এই আকস্মিক আদেশের বিরুদ্ধে প্রধান শিক্ষক উচ্চ আদালতে রিট করেন। আদালত মন্ত্রণালয়ের বাতিলের আদেশটি প্রথমে ছয় মাসের জন্য স্থগিত করেন, যা পরবর্তীতে আরও তিন দফা বাড়ানো হয়েছে। বর্তমানে মামলাটির চূড়ান্ত শুনানি ঝুলে থাকায় তৈরি হয়েছে আইনি ও প্রশাসনিক জটিলতা। স্থানীয় বাসিন্দা সানজিদা আক্ষেপ করে বলেন, এক মাসের বেশি সময় ধরে স্কুলটি বন্ধ। চরের ছেলেমেয়েরা অনেক কষ্ট করে এখন নদীর ওপারে গিয়ে ক্লাস করছে। আগে নিয়মিত ক্লাস হলেও নিবন্ধন ও আইনি জটিলতায় এখন তাদের অন্য পাড়ে যেতে বাধ্য করা হচ্ছে। অন্যদিকে, নদীর পশ্চিমপাড়ের নতুন ক্যাম্পাসে প্রবেশ করতেই চোখে পড়ে ভিন্ন এক স্বস্তির চিত্র। চারপাশ জুড়ে রয়েছে মনোরম পরিবেশ, সবুজ গাছপালা, খেলাধুলার জন্য বিস্তীর্ণ মাঠ।
নদীভাঙনের কোনো আতঙ্ক ছাড়াই শিক্ষার্থীরা এখানে মেতে উঠছে পড়াশোনা আর আনন্দে। সহকারী শিক্ষক সাগর শীল জানান, বর্তমানে প্রায় ২৫০ জন শিক্ষার্থী নিয়মিত ক্লাস করছে। সব শিক্ষক উপস্থিত থেকে নিষ্ঠার সঙ্গে পাঠদান চালিয়ে যাচ্ছেন। তবে একটি পাকা ভবন নির্মাণ করা গেলে পড়াশোনার পরিবেশ আরও অনেক বেশি সমৃদ্ধ হতো। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, বর্তমানে পশ্চিমপাড়েই বিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম চলছে। আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং উভয়পক্ষকে নিয়ে বৈঠকও করেছি। যেহেতু বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট চলমান, তাই চাইলেও তাৎক্ষণিকভাবে প্রশাসনিক বড় কোনো পদক্ষেপ নেয়া সম্ভব হচ্ছে না।
