চট্টগ্রাম নগরে ইমতিয়াজ সুলতান ইকরাম (২৮) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পেছনে ফরেস্ট গেটের পূর্ব পাশে হাসিনা মঞ্জিলের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। ইমতিয়াজ নগরের মুরাদপুর এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে। তিনি বাবার বাসার সামনে একটি গলিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় হামলার শিকার হন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দু’টি মোটরসাইকেলে করে পাঁচজন দুর্বৃত্ত এসে ইমতিয়াজকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত ইমতিয়াজের স্ত্রী সুচির দাবি, ৬ থেকে ৭ জনের একটি দল এ হামলায় অংশ নেয়। হামলাকারীদের মধ্যে রায়হান, সাবের ও ইসমাইলকে তার স্বামী চিনতে পেরেছেন বলেও দাবি করেন তিনি। ইমতিয়াজের স্ত্রী অভিযোগ করেন, পুলিশের তালিকাভুক্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের সহযোগীরা তার স্বামীকে গুলি করেছে। দীর্ঘদিন ধরে তারা বড় সাজ্জাদ বাহিনীর কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়ে আসছিলেন বলেও দাবি করেন তিনি। ফেসবুক লাইভে এসে সুচি জানান, চট্টগ্রামের আরেক আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি শপিংমল থেকে পুলিশে ধরিয়ে দেয়ার পর থেকেই তাদের সঙ্গে বিরোধের সূত্রপাত। এরপর থেকে তাদের নিয়মিত হুমকি দেয়া হচ্ছিল। ছোট সাজ্জাদকে ২০২৫ সালের মার্চে ঢাকায় গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। সুচির দাবি, পাঁচলাইশ থানায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তাদের দু’টি মামলা চলমান রয়েছে। সোমবারের গুলির ঘটনায়ও তারা মামলা দায়ের করবেন। একই সঙ্গে হাসপাতালে তার স্বামীর সুচিকিৎসা নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তিনি। পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক বলেন, দু’টি মোটরসাইকেলে পাঁচজন দুর্বৃত্ত এসে ওই যুবককে গুলি করে পালিয়ে যায়। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, দুপুর সোয়া ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ইমতিয়াজকে হাসপাতালে আনা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গেছে, আহত ইমতিয়াজ সুলতান ইকরামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি এবং অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। চলতি বছরের ১৭ই ফেব্রুয়ারি বায়েজিদ বোস্তামী থানার লিংক রোড এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ তাকে গ্রেপ্তার করেছিল র্যাব-৭। পরে তাকে কারাগারে পাঠানো হয়। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান। স্থানীয় সূত্রের দাবি, ইমতিয়াজ চট্টগ্রামের অপরাধ জগতের পরিচিত মুখ। গুলিতে নিহত সরোয়ার বাবলার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন তিনি। সন্ত্রাসী ম্যাক্সন ও ফিরোজের ঘনিষ্ঠ হিসেবেও তার বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। আলোচিত স্কুলছাত্রী তাসফিয়া হত্যা মামলাতেও তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন।
