চট্টগ্রাম নগরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা নষ্ট করে অনুমোদনহীনভাবে পোস্টার লাগানোর দায়ে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সোমবার নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
জরিমানার আওতায় আসা প্রতিষ্ঠানগুলো হলো- উদ্ভাস, উন্মেষ, ফ্লোরেন্স নার্সিং স্কুল, ইনডেক্স ও সায়েন্স কেয়ার। নগরের বিভিন্ন স্থানে অনুমতি ছাড়া পোস্টার লাগানোর অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়। অভিযান চলাকালে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছ থেকে নিজ নিজ উদ্যোগে অবৈধভাবে লাগানো পোস্টার অপসারণের অঙ্গীকারনামা নেয়া হয়।
চসিক জানিয়েছে, নগরের সৌন্দর্য রক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে যত্রতত্র পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানোর বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
