কিশোরগঞ্জে জামিন আদেশের পরদিনই কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

ফন্ট সাইজ:

জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক মামলায় গত ২২শে আগস্ট থেকে কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এ বন্দি ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রঞ্জিত কুমার ঘোষ (৫০)। রোববার কিশোরগঞ্জের আদালতে তার জামিন মঞ্জুর হয়। আদালতের এই আদেশ রাতে পৌঁছায় কারাগারে। সোমবার সকালে মুক্তি পাওয়ার আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য কারাগার থেকে তাকে পাঠানো হয় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১১টার দিকে মারা যান তিনি। রঞ্জিত কুমার ঘোষ কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

কারাগার ও হাসপাতাল সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন রঞ্জিত কুমার ঘোষ। কারা হাসপাতালেই তার চিকিৎসা চলছিল। সোমবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এর জেল সুপার জাহানারা বেগম বলেন, রঞ্জিত কুমার ঘোষ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কারা হাসপাতালেই তিনি চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকালে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান। রঞ্জিত কুমার ঘোষের ভাগনে মৃণাল কান্তি দাস তার মামার জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রঞ্জিত কুমারের জামিন মঞ্জুর করেন আদালত। এবং সোমবার সকালে তার কারামুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু মুক্তি পাওয়ার আগেই তিনি দুনিয়ার সবকিছু থেকেই মুক্তি নিয়ে পরপারে চলে গেলেন।