কোম্পানীগঞ্জে আরফাত হোসেন ওরফে আদিব (১০) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর উদ্যোগ নিয়েছে পুলিশ।
সোমবার বিকালে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের ইয়াকুব আলী মাঝি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে একইদিন সকাল ১০টার দিকে নিজ বাড়িতে মারা যায় আদিব। নিহত আদিব একই গ্রামের ইয়াকুব আলী মাঝি বাড়ির মো. সাহাব উদ্দিনের ছেলে এবং স্থানীয় দারুস সালাম মডেল মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ই অক্টোবর বিকালে ওই মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ শিব্বির আহমেদ তাকে মারধর করেন। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে মাদ্রাসার পরিচালক দেলোয়ার হোসেন ছাত্রের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য কিছু নগদ অর্থ সহায়তা করেন। এরপর মাদ্রাসার শিক্ষকের মারধরে অসুস্থ হয়ে পড়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে সোমবার সকালে নিজ বাড়িতে মারা যায় আদিব।
নিহতের বাবা সাহাব উদ্দিন বলেন, তার ছেলে মাদ্রাসার হিফজ বিভাগে পড়াশোনা করতো। সেখানে পড়ার সময় সে মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়তো। বিভিন্ন জায়গায় চিকিৎসা করানোর পর চিকিৎসকরা জানান, তার রক্তশূন্যতা ছিল। পরে টাকার অভাবে ছেলের চিকিৎসা চালিয়ে যেতে পারেননি। অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ছেলে ১০ পারা কোরআন মুখস্থ করেছিল। সেখানে হুজুররাও তাকে কিছু মারধর করেছে। শিক্ষকের মারধরে মৃত্যু হয়েছে বলে আমরা মনে করি না। বাচ্চার হায়াত ফুরিয়ে গেছে তাই মারা গেছে। আমরা হুজুরকে দোষারোপ করি না। আমরা আল্লাহর উপরে নির্ভরশীল, আল্লাহ বাচ্চা দিয়েছে আল্লাহ নিয়ে গেছে।
দারুস সালাম মডেল মাদ্রাসার পরিচালক দেলোয়ার হোসেন বলেন, শিক্ষক শাসন করার পর ছাত্রের অভিভাবকরা আমাকে ফোন করে বিষয়টি জানান। পরে আমি ছাত্রের বাড়িতে গিয়ে তার শরীরে বেতের আঘাতের দাগ দেখতে পাই। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট শিক্ষককে ভর্ৎসনা করেন। পরে জানতে পারেন, ওই ছাত্র আরও বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। তিনি ছাত্রের চিকিৎসার কাগজপত্র দেখতে চেয়েছিলেন, তবে অভিভাবকরা তা দেখাননি। এমনকি ছাত্রের চিকিৎসার ব্যবস্থা করতে চাইলেও অভিভাবকরা তাকে কোনো সহযোগিতা করেননি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবীবুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতের স্বজনরা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। নিহতের শরীরের পা ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
