সিলেটে সিসিক প্রশাসক কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না

ফন্ট সাইজ:

প্রথাগত শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়ে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন, দেশে বা বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে বেকারত্ব দূর হবে এবং তরুণেরা স্বাবলম্বী হয়ে উঠবে। গতকাল সকালে নগরীর চৌহাট্টায় সিলেট সিটি করপোরেশন পরিচালিত ‘ভোলানন্দ উত্তরণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’-এর বিভিন্ন কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা এই প্রশিক্ষণ নিয়েছেন বা ভবিষ্যতে নেবেন, কাউকে দরজায় দাঁড়াতে হবে না যে আমাকে কাজে লাগান।

আপনাদের চাকরিদাতারা খুঁজে নেবে, অথবা আপনারা ফ্রিল্যান্সার হিসেবে নিজেরা নিজেদের কর্মসংস্থান করতে পারবেন। প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হোসনে আরা লাইজুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রশাসনিক কর্মকর্তা শাকিল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিসিকের শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিভিন্ন ট্রেডের ইন্সট্রাক্টর ইমন কাজী, হিমেল শেখ, মো. রিয়াদ, আব্দুস সালাম ও উম্মে সালমা রিপা। অনুষ্ঠানের শেষ পর্বে ওয়েল্ডিং, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, ফ্রিল্যান্সিং এবং এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) কোর্স সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি।