সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১২ দিনব্যাপী বইমেলা আজ শুরু

ফন্ট সাইজ:

সিলেটের সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে আজ থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘বইমেলা সিলেট ২০২৬’। নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত ১২ দিনব্যাপী এই বইমেলা চলবে আগামী ২১শে নভেম্বর পর্যন্ত। বইমেলার সার্বিক প্রস্তুতি ও সফল আয়োজনের লক্ষ্যে নগরীর জিন্দাবাজারস্থ কাজী নজরুল একাডেমি প্রাঙ্গণে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বইমেলা উদ্‌যাপন উপ-কমিটির সদস্য সচিব কবি মুন্নি আক্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জাসাসের সভাপতি রাসেল আহমদ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান এইচ খান, মহানগর জাসাসের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সি এম আব্দুল্লাহ আরিফ।

এ ছাড়া সভায় বক্তব্য রাখেন বইমেলা উপ-কমিটির আহ্বায়ক নাহিদ আহমদ, আলোকিত সিলেটের সভাপতি ফজলুল করিম এনাম, জসিম বুক হাউসের স্বত্বাধিকারী ও প্রকাশক মো. জসিম উদ্দিন, মহানগর জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন, কবি ও সম্পাদক সৈয়দ আছলাম হোসেন, লেখক দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী, কবি রোকসানা বেগম, কবি জসীম হাসান রাফী, কবি কামাল আহমদ, রাফী আহমেদ, কবি ও গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল এবং শাব্বির আহমদ প্রমুখ। বিকালে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধান অতিথি হিসেবে মেলা প্রাঙ্গণে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট লেখক ও চলচ্চিত্র নির্মাতা সাদাত হোসাইন এবং লেখক ও আইনজীবী আখতারুজ্জামান আজাদ। অনুষ্ঠানে জেলা ও মহানগর জাসাসের নেতৃবৃন্দসহ সিলেটের স্থানীয় লেখক, গবেষক, কবি, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত থাকবেন। বইমেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।