সৈয়দপুরে পার্ক থেকে কোটি টাকার লোহার বেড়া চুরি

ফন্ট সাইজ:

নীলফামারীর সৈয়দপুর শহরের ব্যস্ততম বিমানবন্দর সড়কের (শহীদ ক্যাপ্টেন মৃধা সড়ক) শহীদ সরণি পার্কের লোহার তৈরি বেড়াগুলো চুরি হয়ে গেছে। গভীর রাতে ঝকঝকে সড়ক বাতির আলো উপেক্ষা করে চোরেরা কোটি টাকা মূল্যের বেড়াগুলো চুরি করে নিয়ে যায়। ওই এলাকা জুড়ে এখন চোরের আতঙ্ক বিরাজ করছে। সরজমিন দেখা যায়, প্রায় পাঁচ হাজার বর্গফুট জায়গা জুড়ে চুরির ভয়াবহ চিহ্ন ফুটে উঠেছে। ডিভাইডার (বিভাজক) মধ্যস্থানে রয়েছে একটি পার্ক। পার্কটির চারদিকে দেয়া ছিল লোহার বেড়া (লোহার গ্রিল)। চোরেরা আড়াইশ’টি গ্রিল চুরি করে নিয়ে গেছে। ওই গ্রিলগুলো সংযুক্তকারী আরসিসি পিলারগুলো চুরির স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এলাকাটি সৈয়দপুর শহরের গুরুত্বপূর্ণ রেলওয়ে অফিসার্স কলোনি এলাকায়। শহীদ সরণির কাছ থেকে সড়কটি দুইভাগে ভাগ হয়ে গেছে। একটি চলে গেছে সৈয়দপুর উপজেলা পরিষদ হয়ে পাবর্তীপুর সংযোগ সড়ক পর্যন্ত। অপরটি সৈয়দপুর বিমানবন্দর ও ক্যান্টনমেন্ট এলাকাকে যুক্ত করেছে। শহীদ সরণির পাশে ব্যস্ততম ক্যান্ট:বাজার এলাকা। কাজে সারারাতেই ওই সড়কে যানবাহন ও পথচারী চলাচল করে থাকে। এ ধরনের একটি ব্যস্ততম এলাকায় কীভাবে এতগুলো গ্রিল চুরি হয়ে গেল এর জবাব দিতে পারিনি এলাকাবাসী।

অফিসার্স কলোনি এলাকার বাসিন্দা ফরহাদ হোসেন জানান, আগে এলাকাটি বেশ নিরাপদ ছিল। কিন্তু কয়েক বছর ধরে সড়ক বিভাজকের গ্রিল চুরি, বৈদ্যুতিক সংযোগ লাইনের তার চুরি ও বাসা বাড়িতে ছিঁচকে চুরি লেগে আছে। আমরা এ ধরনের চুরি দেখে বেশ আতঙ্কিত হয়ে পড়েছি। সৈয়দপুর পৌরসভা সূত্র জানায়, শহীদ সরণিটি বেশ দৃষ্টিনন্দন ছিল। এর বিভাজকের মাঝে ছোটখাটো একটি পার্ক তৈরি করে সৈয়দপুর পৌরসভা। ওই পার্কে রয়েছে দোলনা, ব্যালেন্স দোলনা, কংক্রিটের ছাতা ও বসার চেয়ার। পথচারীরা ওই পার্কে খানিক বিশ্রামের সুযোগ পেতেন। এখন পার্কটি অরক্ষিত হয়ে পড়েছে। একে-একে এর সব গ্রিল চুরি হয়ে গেছে। দোলনাও ভেঙে ফেলেছে চোরেরা। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা জানান, কেবল শহীদ সরণি নয়- গোটা শহরের চুরি ও অরাজকতা ঠেকাতে পুলিশ তৎপরতা বাড়ানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলার সঙ্গে। তিনি বলেন, শহীদ সরণির গ্রিল চুরি হয়েছে এটা খুবই দুঃখজনক। এতে করে ওই এলাকার সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাটির সৌন্দর্য ফেরাতে আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি।