শ্রীনগরে মন্দিরের রাস্তা দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

ফন্ট সাইজ:

শ্রীনগরে হরিসভা ও দুর্গা মন্দিরের রাস্তা দখলের প্রদিবাদে লিজ নেয়ার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে হাঁসাড়া আদর্শ সুপার মার্কেট সংলগ্ন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এই কর্মসূচির আয়োজন করে হাঁসাড়া সার্বজনীন মন্দির কমিটি। এ সময় তাদের মানববন্ধনে এসে একাত্মতা প্রকাশ করেন স্থানীয় মুসল্লিরা। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, ইতালি প্রবাসী বাবুল বেপারী ও তার স্ত্রী তুলি বেগম হাঁসাড়া সার্বজনীন হরিসভা ও দুর্গা মন্দিরে চলাচলের রাস্তাসহ জায়গা দখল করে টিনের ঘর নির্মাণের পাশাপাশি টিনের বেড়া দেয়। এতে মানুষের চলাচল বাধাগ্রস্ত হয়ে পড়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের প্রায় শতবছরের পুরাতন হরিসভা ও মন্দির সংলগ্ন জায়গায় বাবুল বেপারী বহুতল ভবন তুলেছেন। এখন রেলওয়ের জায়গা বলে লিজ আনার দাবিতে মন্দিরের রাস্তা দখল করে বেড়া দেন। বাবুল বেপারী ও তুলি বেগম দম্পতির অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী। এদিন হাঁসাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ ঘটনাস্থল পরিদর্শনকালে মন্দির সংলগ্ন জায়গা আটকিয়ে সর্বসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার প্রতিবাদে নিন্দা জানান।

ওই মন্দির কমিটির সভাপতি অরুণ চন্দ্র দাস বলেন, জায়গা দখল সংক্রান্ত বিষয়ে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে আবেদন করা হয়েছে। হাঁসাড়া সার্বজনীর হরিসভা ও মন্দির কমিটির সভাপতি অরুণ চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু রঞ্জিত মোদকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন- হাঁসাড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মুনসুর মাঝি, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ, হাঁসাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহন মোড়ল, মন্দির কমিটির সদস্য সুমন মোদক, মহাদেব দাস, সুশিল মণ্ডল, রিতা দাস, অঞ্জনা দাস, বাসন্তি ঘোষ, অর্পা ঘোষ, মো. মনির, গফুরসহ প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন।