নরসিংদীর মনোহরদীতে ২ হাজার কৃষকের মাঝে বোরো ধান ও সরিষার বীজ বিতরণ করেছে এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। গত রোববার দিনব্যাপী দুই ধাপে উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কৃষকদের মধ্যে এসব বীজ বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় উপজেলার মোট ২ হাজার কৃষকের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ-এর সদস্য সচিব ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুল ইসলাম আপেল, সদস্য সচিব দীপক কুমার বর্মণ প্রিন্স, মনোহরদী উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুরুজ মিয়া, সদস্য সচিব রায়হান উদ্দিন বাচ্চু, মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন ভূঁইয়া উজ্জ্বল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
